ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত কোল অ্যালেনের দোষ অস্বীকার
৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যালেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার, ট্রাম্পকে হত্যার চেষ্টা এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলাসহ চারটি অভিযোগ আছে।
ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতা সমিতির নৈশভোজে গুলি চালিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত কোল টমাস অ্যালেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষ অস্বীকার করেছেন।
সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে হাজির হয়ে অভিযোগের প্রাথমিক শুনানিতে অ্যালেন দোষ অস্বীকার করেন। তার পরনে ছিল কমলা রঙের জাম্পস্যুট এবং হাত ও পা ছিল শেকলে বাঁধা।
৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যালেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার, ট্রাম্পকে হত্যার চেষ্টা এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ আছে।
গত মাসে ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক নৈশভোজে গুলির ঘটনা ঘটে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তারাও ছিলেন।
সাংবাদিক ও রাজনীতিবিদের এই মিলনমেলায় হামলার চেষ্টাকারীকে আটক করে তাকে কোল টমাস অ্যালেন বলে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অ্যালেন ক্যালিফোর্নিয়া থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে যান এবং যে হোটেলে নৈশভোজ হচ্ছিল, সেই হিলটন হোটেলেই একটি রুম বুক করেছিলেন। কর্তৃপক্ষ জানায়, অ্যালেন হোটেলের ভেতরে একটি চেকপয়েন্টে সিক্রেট সার্ভিসের এজেন্টকে লক্ষ্য করে শটগান থেকে গুলি ছোড়েন।
ট্রাম্পের অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারী বলরুমের বাইরের করিডোর দিয়ে দৌড়াচ্ছেন। পরে নিরাপত্তা কর্মীরা তাকে ধরে ফেলেন। আটক অ্যালেনকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি দাঁড় করাতে এর আগে আদালতে তোলা হয়েছিল।
সোমবার অ্যালেনকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ ট্রেভর ম্যাকফাডেনের সামনে হাজির করা হয়। ট্রেভরই এই মামলার বাদবাকী কাজ তদারক করবেন। অ্যালেনের আইনজীবী এদিন তার পক্ষ থেকে ট্রেভরের কাছে আবেদন জমা দিয়েছেন। এতেই অ্যালেন তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগে দোষ অস্বীকার করেন। তিনি আদালতে কোনও কথা বলেননি।
বিচার শুরুর আগের সাক্ষাতের (স্ট্যাটাস কনফারেন্স) জন্য অ্যালেনকে আগামী জুনে আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
