২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় ভূমিধসে মৃত্যু বেড়ে ৫শ’ হতে পারে: জাতিসংঘ

সাউথ ইথিওপিয়ার গোফা এলাকায় রবি ও সোমবারের এই ভূমিধসে মৃতের সংখ্যা এরই মধ্যে বেড়ে ২৫৭ জন হয়েছে।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 25 Jul 2024, 04:44 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

ইথিওপিয়ায় এ সপ্তাহের শুরুর দিকে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা এরই মধ্যে বেড়ে ২৫৭ জন হয়েছে। 

এই মৃত্যু আরও বেড়ে ৫০০ জনে দাঁড়াতে পারে বলে বৃহস্পতিবার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় বিষয়ক কার্যালয়।

এর আগে মঙ্গলবার ইথিওপিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কমিশন ভূমিধসে মৃতের সংখ্যা ২২৯ জন বলে জানিয়েছিল।

ভারি বৃষ্টিপাতের কারণে সাউথ ইথিওপিয়া আঞ্চলিক রাজ্যের গোফা এলাকায় রোববার রাতে এই ভূমিধস হয়। 

এরপর সোমবার সকালে হয় আরেক দফা ভূমিকম্প। উদ্ধারকাজ করতে যারা ওই এলাকায় জড়ো হয়েছিলেন তারা এ ভূমিধসের কবলে পড়েন।

ভূমিধসে মোট ১২৫ জন বাস্ত্যুচ্যুত হয়েছে। তারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়ে আছে। ইথিওপিয়া রেডক্রস সোসাইটির সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষ চাপা পড়াদের অনুসন্ধান ও উদ্ধারকাজ চালাচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃতের সংখ্যা ৫শ’ জনে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওসিএইচআর) এর হিসাবমতে, ভূমিধসে ২৩ জুলাইয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল ১৪ হাজার। এর একদিন পর ২৪ জুলাইয়ে তা বেড়ে হয়েছে ১৫ হাজার ৫১৫।

এই মানুষেরা আবারও ভূমিধসের কবলে পড়ার প্রবল ঝুঁকিতে আছে। তাদেরকে অবিলম্বে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া প্রয়োজন।