২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্কের মৃত্যু ‘যুক্তরাষ্ট্রের জন্য এক অন্ধকার মুহূর্ত,’ বললেন শোকার্ত ট্রাম্প

নিহত এই ঘনিষ্ঠ মিত্রকে ‘মহান দেশপ্রেমিক’ সম্বোধন করে ট্রুথ স্যোশালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, কার্কের মৃত্যু আমেরিকার জন্য অন্ধকার মুহূর্ত।

কার্কের মৃত্যু ‘যুক্তরাষ্ট্রের জন্য এক অন্ধকার মুহূর্ত,’ বললেন শোকার্ত ট্রাম্প
চার্লি কার্ক। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 06:41 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

যুক্তরাষ্ট্রের ইউটায় এক বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক এর মৃত্যুতে শোকার্ত ও ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কার্কের উপর হামলাকে যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক ভিডিও বার্তায় কার্ককে ‘মহান দেশপ্রেমিক’ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। কার্কের হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘অন্ধকার মুহূর্ত’ বলেও বর্ণনা করেছেন তিনি।

ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, “তিনি (কার্ক) যুক্তরাষ্ট্রকে খুব ভালবাসতেন। তিনি স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং দেশের সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন। 

“এই জঘন্য হত্যাকাণ্ডের জন্য আমি শোকস্তব্ধ এবং ক্ষুব্ধ। চার্লি কার্ক লাখো মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। যারা তাকে জানেন এবং ভালোবাসেন তারা সবাই আজ স্তম্ভিত এবং আতঙ্কিত। 

কার্ক ছিলেন সত্য ও স্বাধীনতার এক মডেল। যুবাদের কাছে তার মতো করে আর কেউ সম্মানিত হননি। কার্ক ছিলেন গভীর বিশ্বাসে বিশ্বাসী এক মানুষ। এখন তিনি ঈশ্বরের সঙ্গে স্বর্গে শান্তিতে আছেন এটা ভেবেই আমরা স্বস্তি পেতে পারি।”

কার্কের স্ত্রী এবং সন্তানরেদরকে এই ভয়াবহ হৃদয়বিদারক ও বেদনাদায়ক সময়ে দেখে রাখার জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করেছেন জানিয়ে ট্রাম্প বলেন, “আমেরিকার জন্য এ এক অন্ধকার মুহূর্ত।”

বুধবার যুক্তরাষ্ট্রের ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কার্ক। সম্প্রতি আমেরিকার কলোরাডো থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফর করার পরিকল্পনা করেছিলেন তিনি।

 নাম দিয়েছিলেন, ‘দ্য আমেরিকান কামব্যাক ট্যুর’। ওই সফরেই ইউটার ওই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন কার্ক। সেখানে সমবেত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। 

হঠাৎই ভিড়ের মধ্যে থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কার্ক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।  এ ঘটনায় এখনও পর্যন্ত আততায়ী ধরা পড়েননি। তার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

হামলার ঘটনার কয়েকঘণ্টা পর দুইজন গ্রেপ্তার হলেও তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন,  গুলির ঘটনার তাদের কোনও যোগসূত্র নেই।

 ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কার্কের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তবে কেবল এই হত্যাকাণ্ডই নয়, অন্য রাজনৈতিক সহিংসতায় অর্থ জোগানো এবং মদদ যারা দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, “যে দানব তার ওপর হামলা করেছে, সে গোটা দেশের ওপরই হামলা করেছে। বুলেট দিয়ে কার্ককে চুপ করানোর চেষ্টা চলেছে। কিন্তু এ চেষ্টা সফল হয়নি। কারণ, তার কণ্ঠস্বর যাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে, তা আমরা নিশ্চিত করব।