সুর পাল্টে ট্রাম্প এবার বলছেন, ইউক্রেইন তার সব ভূমি পুনরুদ্ধার করতে পারবে
মস্কো এখন ‘বড়’ ধরনের অর্থনৈতিক সমস্যায় আছে তাই ইউক্রেইনের উচিত এখনি কাজে নেমে পড়া, বলেছেন তিনি।
কথার সুর পাল্টে ইউক্রেইনের পক্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবার বলেছেন, রাশিয়ার দখলে থাকা সব ভূমি কিইভ পুনরুদ্ধার করতে পারবে বলেই তার বিশ্বাস, এবং মস্কো এখন ‘বড়’ ধরনের অর্থনৈতিক সমস্যায় আছে তাই ইউক্রেইনের উচিত এখনি কাজে নেমে পড়া।
কিন্তু মঙ্গলবার ট্রাম্পের এমন কথার সঙ্গে যুক্তরাষ্ট্রের এ সংক্রান্ত নীতি পরিবর্তনের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। মস্কোর ওপর নতুন ও তীব্র নিষেধাজ্ঞা চেয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেকদিন ধরেই দেনদরবার করছেন। কিন্তু ট্রাম্প প্রশাসন নানা অজুহাতে সেই পদক্ষেপ নিতে কালক্ষেপণ করছে।
“(ভ্লাদিমির) পুতিন ও রাশিয়া এখন বড়সড় অর্থনৈতিক সমস্যায়, এখনই সময় ইউক্রেইনের পদক্ষেপ নেওয়ার। (যুদ্ধে) রাশিয়ায় যে অর্থনৈতিক সমস্যাগুলো তৈরি হয়েছে তা দেখে আমার মনে হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সমর্থন নিয়ে লড়াই করার ও তার সব অঞ্চল আদি অবস্থায় পুনরুদ্ধার করতে ইউক্রেইন পারবে,” মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশালে ট্রাম্প এমনটাই বলেছেন।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ট্রাম্পের এখনকার যে প্রত্যাশা তা পূরণ করতে হলে দখলে থাকা ২০% ভূখণ্ড থেকে রুশ সেনাদের তাড়াতে হবে ইউক্রেইনকে, এর মধ্যে ক্রাইমিয়াও আছে, যা ২০১৪ সাল থেকেই মস্কোর কব্জায়। এমন কিছু হলে তা হবে অভাবনীয়।
ট্রাম্প এর আগে শান্তির জন্য কিইভকে ভূখণ্ডে ছাড় দিতে চাপ দিয়েছিলেন। সেসময় ইউক্রেইনের ভয় ছিল, পেছনের দরজা দিয়ে হওয়া কোনো চুক্তির বলে তাদের ভূমি রাশিয়ার আইনি দখলে চলে যায় কিনা, তা নিয়ে।
ইউরোপের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস ট্রাম্পের মঙ্গলবারের অবস্থানের প্রশংসা করেছেন। বলেছেন, “খুবই শক্তিশালী এমন বক্তব্য এই আকারে আমরা আগে শুনিনি, এখন যে আমাদের বোঝাপড়া একই ধরনের, সেটা সত্যিই ভালো।”
ট্রাম্পের এখনকার অবস্থানের সঙ্গে গত মাসে আলাস্কায় সম্মেলনে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার চিত্রের পুরোপুরি বিপরীত। এরপর মাসখানেক ধরে তিনি ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ বন্ধে নানান চেষ্টা তদবির করেও কার্যত ব্যর্থ হয়েছেন।
পরে এক ব্রিফিংয়ে জেলেনস্কি সাংবাদিকদের জানান, তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ‘ভালো, গঠনমূলক’ বৈঠক হয়েছে। ট্রুথ সোশাল ট্রাম্পের মন্তব্যকে ‘বড় পরিবর্তন’ বলেও অভিহিত করেন তিনি।
ইউক্রেইনের প্রেসিডেন্ট পরে ফক্স নিউজকে বলেন, ইউক্রেইন এবং যুক্তরাষ্ট্রের দলগুলোর অবস্থান এখন ‘আগের যে কোনো সময়ে চেয়ে কাছের’। ট্রাম্পের অবস্থান বদলেছে বলেও তিনি মনে করেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশালে তার পোস্টে রাশিয়ার কড়া সমালোচনা করে বলেন, মস্কো ‘উদ্দেশ্যহীন’ যুদ্ধ করছে, সত্যিকারের ‘যে কোনো সামরিক শক্তি’ যা মাত্র এক সপ্তাহেরও কম সময়েই জিততে পারে। কিন্তু তা না হওয়ায় রাশিয়াকে ‘কাগুজে বাঘের’ মতো দেখাচ্ছে।
পোস্টে তার একমাত্র দৃঢ় যে অঙ্গীকার দেখা গেছে তা হল, “নেটোর জন্য অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা। নেটোর ইচ্ছা, তারা এ অস্ত্র দিয়ে যা করে করুক।”
এতে বোঝা যাচ্ছে, ট্রাম্প তার প্রশাসনের নীতিতেই অটল থাকতে চান, যেখানে ইউরোপের দেশগুলো ইউক্রেইনের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনুক।
তবে যুক্তরাষ্ট্র যে এখনো ইউক্রেইনে শান্তিপূর্ণ সমাধানের আশা ছাড়েনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে করা মন্তব্যে তার ইঙ্গিত পাওয়া গেছে।
“এই যুদ্ধ থামানো দরকার। কিন্তু তা যদি না হয়, যদি স্বল্প মেয়াদে শান্তির কোনো পথই না পাওয়া যায়, তাহলে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডনাল্ড জে ট্রাম্প চলমান আগ্রাসনের যেন চড়া মূল্য দেওয়া লাগে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন,” বলেছেন তিনি।
জেলেনস্কি চাইছেন, যুক্তরাষ্ট্র এমন কড়া নিষেধাজ্ঞা দিক যার ধাক্কায় মস্কো বাধ্য হয় আলোচনার টেবিলে বসতে। জাতিসংঘেও ইউক্রেইনের প্রেসিডেন্ট একই দাবি পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, রাশিয়া যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে তাদের ওপর শক্ত অর্থনৈতিক ব্যবস্থা আরোপে তিনি প্রস্তুত, তবে মিত্রদেরও একই কাজ করতে হবে। ইউরোপের কিছু দেশ এখনও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট তাদের কঠোর সমালোচনাও করেছেন।
জেলেনস্কি বলছেন, তিনি এবং ট্রাম্প রাশিয়ার ‘নড়বড়ে’ অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন। যুদ্ধ শেষে ইউক্রেইনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতেও ট্রাম্প প্রস্তুত থাকবেন ‘এমন বোঝাপড়াও হয়েছে’।
ইউক্রেইনে যুদ্ধে নিজেকে ‘গেম-চেঞ্জার’ প্রমাণের ক্ষমতা ট্রাম্পের আছে, বলেছেন জেলেনস্কি।
তিনি বলেন, রাশিয়ার ওপর এখনও চীনের অগাধ প্রভাব রয়েছে, আর বেইজিং যে যুদ্ধ শেষ করতে চায় তার কোনো লক্ষণ দেখছেন না তিনি।
ট্রাম্পের মঙ্গলবারের পোস্টে ইউরোপের নেতারা উচ্ছ্বসিত হলেও মস্কো যে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান নিয়ে খুব একটা দুর্ভাবনায় নেই তা উঠে এসেছে জাতিসংঘে রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কির কথায়।
“প্রতিটি টুইট নিয়ে উত্তেজিত হবেন না,” সাংবাদিকদের বলেছেন তিনি।
সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী টম মালিনোস্কি বলেছেন, “ট্রাম্পের মন্তব্য অবিশ্বাস্য, ১৮০ ডিগ্রি ঘুরে গেছে, যা হয়তো বেশিক্ষণ স্থায়ীও হবে না।”
“কিন্তু পুতিন ভাববেন কেবল একটি প্রশ্নের উত্তর। ইউক্রেইনকে জেতাতে ট্রাম্প সত্যিকার অর্থে আর কী বেশি করতে পারেন? যদি না পারেন, তাহলে এগুলো কেবল কথার কথা,” এক্সে দেওয়া পোস্টে এমনটাই বলেছেন এ ডেমোক্রেট।
