২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দোৎসবে সহিংসতা: প্যারিসে নিহত ২, গ্রেপ্তার ৫ শতাধিক

ফ্রান্সে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ফুটবল ক্লাব পিএসজি। আনন্দে আত্মহারা পিএসজি সমর্থকরা প্যারিসে জয় উদযাপন করার সময় মুহূর্তেই তা বদলে যায় তাণ্ডবে।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দোৎসবে সহিংসতা: প্যারিসে নিহত ২, গ্রেপ্তার ৫ শতাধিক
ফুটবল চ্যাম্পিয়নস লিগ। ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 01 Jun 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

ফুটবল চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বিজয়ের আনন্দ উদ্‌যাপনকালে ফ্রান্সে ২ জন নিহত ও ১৯২ জন আহত হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে ৫০০’র বেশি মানুষকে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।

প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রাজধানী প্যারিসের ফুটবল ক্লাব ‘পারি সাঁ জেরমাঁ’ (পিএসজি)। ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে জয় পায় তারা।

এতে আনন্দে আত্মহারা পিএসজি সমর্থকরা প্যারিসে জয়ের উৎসব উদযাপন করছিল। মুহূর্তের মধ্যে এই উৎসব বদলে যায় তাণ্ডবে। পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

রাস্তার ধারের বিভিন্ন দোকানে লুটপাট করেছে অনেকে। পুলিশ স্টেশনে অনেকে আতশবাজি ছুড়েছে। সমর্থকদের পোড়ানো বাজির আগুন ছড়িয়ে যায় চারদিকে।

প্যারিসে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে গাড়িতেও। চঁপ এলিজে এলাকার যাত্রীছাউনিতে ভাঙচুর করেছে উন্মত্ত জনতা। তারা দায়িত্বে থাকা দাঙ্গা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  প্রাথমিক হিসাবমতে, রোববার সকাল পর্যন্ত ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কেবল প্যারিসেই গ্রেপ্তার হয় ৪৯১ জন।

তাদের ৩২০ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, যাদের ২৫৪ জন প্যারিসের। আগুন লাগানোর শত শত ঘটনা ঘটার খবর জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এর মধ্যে আছে দুই শতাধিক যানবাহন পোড়ানোর ঘটনা। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ও দমকলবাহিনীর ৭ কর্মী আহত হয়েছে।