Published : 28 Feb 2026, 07:25 PM
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানে হামলা চালিয়েছে। তারা ইরানের নেতৃবৃন্দকে লক্ষ্যস্থল করেছে এবং মধ্যপ্রাচ্যকে একটি নতুন সংঘাতের মধ্যে নিমজ্জিত করেছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা হুমকির অবসান হবে এবং ইরানিদের তাদের শাসকদের ক্ষমতাচ্যুত করার একটা সুযোগ দেবে।
এই হামলার কারণে তেল উৎপাদনকারী প্রায় সবগুলো উপসাগরীয় আরব দেশ ঝুঁকিতে পড়েছে আর পুরো অঞ্চলজুড়ে উত্তেজনার তীব্রতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, কারণ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলসহ বিভিন্ন আবার দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান, লিখেছে রয়টার্স।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে জ্ঞাত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পেন্টাগন যার নাম দিয়েছে ‘মহাতাণ্ডব’ সেই হামলার প্রথম ঢেউয়ে প্রধানত ইরানি কর্মকর্তাদের লক্ষ্যস্থল করা হয়েছে।
ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্যস্থল করা হয়েছে, তবে হামলার ফলাফল এখনও পরিষ্কার হয়নি।
খামেনির অবস্থান সম্পর্কে ধারণা থাকা একটি সূত্র এর আগে রয়টার্সকে জানিয়েছিল, খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইরানের রেভুল্যুশনারি গার্ডের জ্যেষ্ঠ কমান্ডাররা এবং রাজনৈতিক কর্মকর্তারা নিহত হয়েছেন।
রয়টার্স স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করতে সক্ষম হয়নি।