২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় তিন প্রার্থীর ভোট বর্জন

কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ তুলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিএনপি, আওয়ামী লীগ বিদ্রোহী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত তিন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 12:46 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় কলাপড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তিন প্রার্থী এবং চার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর উপস্থিতিতে বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত চ্যেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের লোকজন ৪২টি কেন্দ্র থেকে তাদের নির্বাচনী এজেন্টদের মারধর করে বের করে দিয়ে ব্যালটে সিল মারে।

এ ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি বলে তিনি অভিযোগ করেন।

তিনি এ ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।

বর্জনকারী অন্যরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান কোক্কা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মৌলানা হাবিবুর রহমান।

এছাড়া রয়েছেন চার জন বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম জানান, নির্বাচনে কোনো গোলমালের অভিযোগ এখনো তিনি পাননি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রার্থীদের মৌখিক অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হয়েছে।