২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ধাপের ১০ কেন্দ্রে পুনঃভোট ৯ এপ্রিল

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে গোলযোগের কারণে স্থগিত হওয়া চার উপজেলার ১০টি কেন্দ্রে ৯ এপ্রিল পুনরায় ভোটগ্রহণ হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 08:33 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

এর মধ্যে সিলেটের কানাইঘাটে ভাইস চেয়ারম্যান পদের জন্য একটি কেন্দ্রে, কুমিল্লার বড়ুরায় ভাইস চেয়ারম্যান পদের জন্য দুটি কেন্দ্র, কক্সবাজারে কুতুবদিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের জন্য দুটি কেন্দ্রে, পটুয়াখালীর দুমকিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস- চেয়ারম্যানের জন্য পাঁচটি কেন্দ্রে ভোট হবে।

স্থানীয় সরকারের এ নির্বাচনের চতুর্থ পর্যায়ে গত ২৩ মার্চ ৯১ উপজেলায় ভোট হয়। জালভোট, ভোটারদের ভয়ভীতি দেখানো, বালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের মতো ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেদিন ১১ উপজেলার ৩৩টি কেন্দ্রের ভোট স্থগিত করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এর মধ্যে চার উপজেলার ১০টি কেন্দ্রে তিনটি পদে পুনঃভোট হবে।

আশফাকুর রহমান জানান, মুন্সিগঞ্জের গজারিয়ার স্থগিত ভোটকেন্দ্রগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে  সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।

ওইদিন মুন্সীগঞ্জের গজারিয়ায় সহিংসতায় একজন নিহত হন, স্থগিত করা হয় আটটি কেন্দ্রের ভোট।