২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে রাঙ্গুনিয়া ও বাঁশখালীতেও গোলযোগ

উপজেলা নির্বাচনে চট্টগ্রামে সাতকানিয়ার মতো রাঙ্গুনিয়া ও বাঁশখালীতেও গোলযোগের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 07:40 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রাঙ্গুনিয়া উপজেলার বণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে জানান প্রিসাইডিং অফিসার ফজলুল কাদের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ৩টার দিকে একদল উচ্ছৃঙ্খল যুবক কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই ও ভাংচুর করে।

“এসময় ভোট গ্রহণের পরিবেশ না থাকায় আমি ভোট গ্রহণ সম্ভব নয় বলে পুলিশের কাছে অভিযোগ করি।”

শিলক উচ্চ বিদ্যালয় কেন্দ্র এলাকায় স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা শারিরীকভাবে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

বাঁশখালী উপজেলায় আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম ও জামায়াত ইসলামীর প্রার্থী জহিরুল ইসলামের প্রার্থীদের মধ্যে সংঘর্ষ ও ব্যালেট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এসময় উভয় পক্ষের গুলি বিনিময়ে পাঁচজন আহত হয় বলেও জানান স্থানীয়রা।