নাছিরনগরে কেন্দ্রের বাইরে হামলা, ক্যামেরা ভাংচুর
ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলায় একটি কেন্দ্রের বাইরে দুই পক্ষের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, রোববার সকালে ‘পূর্ববাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে’ এ ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে।
এ সময় হামলাকারীরা ‘এটিএন বাংলার’ ক্যামেরাপার্সন সুমন রায়কে লাঞ্ছিত করেছে এবং তার সঙ্গে থাকা ক্যামেরা ভেঙ্গে দিয়েছে।
আটক দুজন হলেন- মোবারক হোসেন (২৮) ও গাজিউর রহমান (৪০)।
সুমন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সরকারের সমর্থক এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের ভাতিজাসহ তার কর্মীরা মিলে ওই কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালটে সিল মারার চেষ্টা করে। এ সময় বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী আবদুল হান্নানের লোকেরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে।
পুলিশ এ সময় এগিয়ে গেলে পুলিশের রিকুইজিশন করা একটি মাইক্রোবাসও এ সময় ভাংচুরের শিকার হয়।
“ আমি ছবি তুলতে গেলে তারা আমার ওপর হামলা চালায় এবং ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে।”
এসব ঘটনার পর ওই কেন্দ্রে বেলা ১১টা থেকে প্রায় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোট নেয়া শুরু হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল।
তবে, আটক ব্যাক্তির নাম জানাননি এই পুলিশ কর্মকর্তা।
