পিরোজপুরের ৪ উপজেলার সব কেন্দ্রই ঝুঁকিতে
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে পিরোজপুরের চারটি উপজেলায় সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
২৩ মার্চ অনুষ্ঠেয় এ নির্বাচনে ২০২টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে আইন-শৃংখলা বাহিনী। এর মধ্যে ১৩৩টি অধিক এবং ৬৯টি সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে তারা।
সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, সদরে ৪৬টি অধিক ও ৮টি সাধারণ, জিয়ানগরে ২১টি অধিক ও ২টি সাধারণ, ভান্ডারিয়ায় ১৮টি অধিক ও ৩০টি সাধারণ এবং মঠবাড়িয়ায় ৪৮টি অধিক ও ২৯টি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মানিকহার রহমান জানান, ঝুঁকি এড়াতে প্রতিটি উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী বিজিবি ও র্যাব সদস্যরা মাঠে থাকবে।
জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নিতে পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা।
