২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর সোনাগাজী ও ফুলগাজীর সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করছে নির্বাচন কমিশন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 03:47 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

দুই উপজেলার ৯০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জেলা রিটারিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক জানান, সোনাগাজী উপজেলার ৬০টি কেন্দ্রের এবং ফুলগাজী উপজেলার ৩০টি কেন্দ্রের সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এজন্য প্রতিটি কেন্দ্রে ৪জন পুলিশ ও ১২জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।

ফুলগাজী উপজেলায় ৬টি ইউনিয়নে ৩০টি ভোট কেন্দ্রে ১৯৭টি ভোটকক্ষে ৭৬ হাজার ৭৮০ জনের এবং সোনাগাজী উপজেলায় ৯টি ইউনিয়নে ৬০টি কেন্দ্রে ৪০১টি ভোটকক্ষে ১ লাখ ৬৮ হাজার ৩৩৮ জনের ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

ফুলগাজীতে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী এবং সোনাগাজীতে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।