সিলেটের দক্ষিণ সুরমায় জয়ী আ. লীগ
তৃতীয় দফা নির্বাচনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু জাহিদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান এ ফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু জাহিদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯০৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত লোকমান আহমদ মোটরসাইকেলে পান ২৮ হাজার ৯৫ ভোট।
দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে জামায়াত-আওয়ামী লীগের সংঘর্ষের পর সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। ওই কেন্দ্রে ভোটার ছিলেন ২ হাজার ৭৭১ জন।
নির্বাচনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী, ১০ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
