চন্দনাইশে চেয়ারম্যান এলডিপির
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এলডিপি সমর্থিত আবদুল জব্বার চৌধুরী।
দোয়াত-কলম মার্কা নিয়ে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৯৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ কাসেম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১৫৮ ভোট।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, বেসরকারিভাবে চেয়ারম্যান পদে আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে সোলায়মান ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ বেগম নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্ট সমর্থিত মাওলানা সোলায়মান ফারুকী বৈদ্যুতিক বাল্ব নিয়ে ৩৩ হাজার ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপি সমর্থিত আবদুর রহিম বাদশা বই প্রতীকে পান ২২ হাজার ১০৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যন পদে ১৯ দলীয় জোট সমর্থিত শাহনাজ বেগম হাঁস প্রতীকে ৫১ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত খতিজা বেগম কলসি নিয়ে পান ২৮ হাজার ৪৬২ ভোট।
এ উপজেলায় মোট ভোটার ছিল এক লাখ ৪০ হাজার ৩৮৪ জন। ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনজন। ভাইস চেয়ারম্যান পদে সাত জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
