গুলি-অগ্নিসংযোগসহ নানা ঘটনায় ফেনীতে নির্বাচন সম্পন্ন
ফেনীর দাগনভূঞা উপজেলায় গুলিবর্ষণ, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ, ভাংচুর, কেন্দ্র দখল, জাল ভোট, পুলিশ ও গণমাধ্যমের গাড়ি ভাংচুর, তিন নির্বাচন কর্মকর্তার সাজা ও তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিতের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্বে শনিবার এ উপজেলায় সহিংসতায় বিভিন্ন স্থানে ৬ জন গুলিবিদ্ধ হয়।
জালভোট দানে সহায়তার অভিযোগে তিন নির্বাচন কর্মকর্তাসহ ১১ জনের সাজা হয়েছে।
এই প্রেক্ষিতে দুপুরে ১৯ দল সমর্থিত প্রার্থী আকবর হোসেন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবদুল হাই মিলন, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল হাশেম বাহাদুর ও ৮ ভাইস চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলনে কারচুপি অভিযোগে নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড শটগান, ৩ রাউন্ড টিয়ার সেল ও ৯ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ছুড়েছে।
ওসি, উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবি চন্দসহ সংশ্লিষ্টরা বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি জানান।
অলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
দেবি চন্দ জানান, সকালে এ কেন্দ্রে দুর্বৃত্তরা দুটি ব্যালট বাক্স ভাংচুর এবং আরো ২টি ব্যালট বাক্স ছিনতাই করে।
এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং অফিসার।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
ওসি নিজাম উদ্দিন জানান, এখানে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গণমাধ্যম কর্মীদের ২টি গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়েছে।
উত্তর আলীপুর কেন্দ্র
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই মিলন জানান, সেখানে ভোট দিতে প্রবেশ করার সময় তার এজেন্ট আবদুল্লাহ আল মামুন ও তারেক নামে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
একই কেন্দ্রের বাইরে সংঘর্ষে শাহাদাত হোসেন রিটু, মিঠুন নন্দি, মোহাম্মদ রাসেল, দিদারুল ইসলামও গুলিবিদ্ধ হন।
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ফেনী সেদর হাসপাতালের ডাক্তার অসীম কুমার সাহা।
পুলিশ জানায়, এ কেন্দ্রে জাল ভোটে সহায়তার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার নাছির উদ্দিন খোন্দকার, পোলিং অফিসার ওয়াহিদ্দুজ্জামান ও নাজমুল করিমকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দরাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
দুপুরে এ কেন্দ্রে হাতবোমা ফাটিয়ে ব্যালটসহ ৪টি ব্যালট বাক্স ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনার পর ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
আলাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে এ বিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা গুলি করে ৩টি ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে দুটিতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় পুলিশ বহনকারী একটি গাড়ি ও ৪টি খড়ের গাদায় আগুন দেয়া হয়। ভাংচুর করা হয় প্রার্থীর কর্মীদের চেয়ার টেবিল।
এ নির্বাচনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের টহল থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কার্যকর পদক্ষেপ নেয়নি বলে কয়েকজন প্রার্থীসহ বেশ কজন ভোটার অভিযোগ করেছেন।
