২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে প্রার্থীর গাড়িতে হামলা, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি কেন্দ্রের বাইরে এলডিপি সমর্থিত প্রার্থীর গাড়ি ভাংচুর হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 04:14 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শনিবার ভোট শুরুর তিন ঘণ্টা পর ওই উপজেলার আরেকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের পটিয়া সার্কেলের এএসপি শামীম হোসেন জানান, ‘হাছনদী ফোরকানিয়া সিনিয়র মাদ্রাসা’ এবং ‘দোহাজারী ইউনিয়ন পরিষদ কেন্দ্রের’ বাইরে এসব ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছুড়তে হয় পুলিশকে। একটি কেন্দ্র থেকে তিন জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় সাংবাদিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বেলা ১২টার দিকে নিজের জিপগাড়ি নিয়ে ফোরকানিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন এলডিপি সমর্থিত প্রার্থী আবদুল জব্বার চৌধুরী। প্রতিপক্ষরা তার গাড়িতে ইট ছুড়লে গাড়ির সামনের ও পেছনের কাঁচ ভেঙে যায়।

এএসপি শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙ্গে গেছে। তবে আবদুল জব্বার আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।”

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে দোহাজারী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ‘বহিরাগতরা’ প্রবেশের চেষ্টা চালায় জানিয়ে এএসপি শামীম হোসেন বলেন, “জোর করে কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। হামলাকারীরাও ইট ছোড়ে।”

সেখান থেকে তিন জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে দেয়া হয়েছে।

চন্দনাইশে চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দুজন হলেন- আওয়ামী লগি সমর্থিত আবুল কাশেম ও বিএনপি সমর্থিত এম এ হাশেম রাজু।

একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে।