আইন জানেন না জেলা নির্বাচন কর্মকর্তা!
প্রচার সময় শেষে নির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলনে প্রার্থীর ভোট চাওয়া বৈধ কিনা তা জানেন না জেলা নির্বাচন কর্মকর্তা।
শুক্রবার বিকেলে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এসএম কামরুল হাসান জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সেখানে তিনি তার স্বাক্ষরিত লিখিত বক্তব্যের দ্বিতীয় লাইনে বলেন, “নেত্রকোণা সদর উপজেলার সকল ভোটারসহ আপনাদের ভোট ও দোয়া প্রার্থনা করছি।”
এর পরের লাইনে আবার তার দোয়াত কলম প্রতীকে সবার ভোট ও দোয়া প্রার্থনা করেন।
সেখানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রার্থী তার লিখিত বক্তব্যের কপি সাংবাদিকদের দেন।
শনিবারে এ উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। বিধি অনুযায়ী প্রচার বৃহস্পতিবার মধ্য রাতে শেষ হয়।
প্রচার সময় শেষ হওয়ার পর প্রার্থী এভাবে ভোট চাইতে পারেন কিনা নির্বাচন কমিশনের এক কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়।
এ প্রশ্নে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা প্রচারণার আওতায় আসে কিনা তা আমি জানি না।
“এ আইনটা আমি জানি না।”
