২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ৩ কর্মীর জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর  তিন কর্মীকে জরিমানা করেছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 04:09 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা এ দণ্ড দেন।

এরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার কামতা বিল্লাল হোসেনের ছেলে ইউছুফ (১৮), শাহরাস্তি উপজেলার উপলতা গ্রামের আবদুল মোতালেবের ছেলে হাবিবুর রহমান (১৯) ও চাঁদপুর সদর উপজেলার ছোট শহর এলাকার তৈয়ব আলীর ছেলে আল শাহরিয়ার নাঈম (১৮)।

তিন জনেই হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষার্থী।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, মো. আলমগীর কবির পাটওয়ারীর এ তিনকর্মী পৌর এলাকার রান্ধুনীমুড়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর রশিদ মজুমদারের আনারস প্রতীকের পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলায় তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে পাঁচশ’ টাকা করে জরিমানা করে।

আগামী ১৫ মার্চ হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এখানে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।