২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ায় শুধুই বিএনপি-জামায়াত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা সব পদে জয়ী হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 12:36 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রেজাউল করিম শাহিন কাপ পিরিচ প্রতীকে ২৬ হাজার ৩৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মুক্তারুল হক মুকু আনারস প্রতীকে ১৮ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।

বিজয়ী প্রার্থী রেজাউল করিম শাহিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পাথর শ্রমিকদের নেতা হিসেবে পরিচিত বিজিত প্রার্থী মুক্তারুল হক মুকু জেলা বিএনপির সদস্য।

তবে, মুকু দলীয় সমর্থিত প্রার্থী ছিলেন না এবং তার পক্ষে দলীয় নেতাকর্মীরাও নির্বাচনী প্রচার চালায়নি।

এছাড়া এ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন মিঞা মোটরসাইকেল প্রতীকে ৭ হাজার ৭৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন ২৩ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক ইউসুফ আলী পেয়েছেন ১০ হাজার ৬২৬ ভোট।

বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ২৯ হাজার ৫১৪ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন।

বিএনপি সমর্থিত রাজিয়া উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য।

পঞ্চগড় বারের আইনজীবী ও বিএনপি সমর্থক বলে পরিচিত রওশন আক্তার লাভলী ২২ হাজার ৬২৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।