তাড়াশে ফল ঘোষণার পর ব্যালট ছিনতাই
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের ফল ঘোষণার পর ব্যালট ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সগুনা ইউপির ধাপতেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এস এম আলতাফ হোসেন জানান, কেন্দ্রের কর্তব্যরত সহাকারী প্রিসাইডিং অফিসার ও এজেন্টদের সামনে সকল ভোট গণনা করা হয়।
এরপর সংশ্লিষ্ট সবার স্বাক্ষর নিয়ে রেজাল্ট শিট তৈরির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীর সমর্থকরা উল্লাস করতে থাকে।
এমন সময় একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে কেন্দ্রের গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বস্তা ভর্তি ব্যালট ছিনতাই করে নিয়ে যায়।
সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি করলেও ছিনতাই হওয়া ব্যালট উদ্ধার করা যায়নি।
আলতাফ হোসেন আরো জানান, এ কেন্দ্রে মোট দুই হাজার তিনশয়েরও বেশি ভোট ছিল। ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত খন্দকার সেলিম জাহাঙ্গীর আনারস প্রতীকে ৯৫৬ এবং আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হক দোয়াত কলম প্রতীকে ৯০০ ভোট পান।
