২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে রাজারহাটে বিএনপি, রাজিবপুরে আ.লীগ

উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে কুড়িগ্রামের তিনটি উপজেলার মধ্যে একটি করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত প্রাথী জয়ী হয়েছে। অপর উপজেলার ফল প্রকাশের অপেক্ষায়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 08:37 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

রাজারহাট উপজেলায় জাপা থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী বিএনপি সমর্থিত প্রার্থী মো. আবুল হাসেম কাপ-পিরিচ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম জানান,  রাজারহাট উপজেলায় আবুল হাসেম ২৯ হাজার ১৯৬ ভোট পেয়েছেন।

ভোটে তার নিকটতম ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী। মোটর সাইকেল প্রতীকে ২২ হাজার ৮৮৬ ভোট পেয়ে পরাজিত হন।

এই উপজেলায় ভোটারসংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ২৭৭টি। ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৫৮টি।

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শফিউল আলম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।

সহকারী রিটার্ণিং অফিসার ও রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, রাজিবপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিউল আলম (আনারস প্রতীক) নিয়ে ৯ হাজার ৫৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মো. মোখলেছুর রহমান (ঘোড়া প্রতীক) নিয়ে ৭ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।

এই উপজেলায় ভোটার সংখ্যা ৪৭ হাজার ৯১৩। ভোট কেন্দ্র ছিল ২৭টি।

উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে এ জেলায় ৩টি উপজেলায় বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়েছে।

এ উপজেলায় বিদায়ী চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আকবর হোসেন হিরো এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।