২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী সদরে নির্বাচন স্থগিত

গোলযোগের কারণে নোয়াখালী সদর উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 08:14 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

নোয়াখালী সদর উপজেলায় আহমদিয়া স্কুল কেন্দ্রে ভাংচুর হওয়া ব্যালট বাক্স। নোয়াখালী সদর উপজেলায় আহমদিয়া স্কুল কেন্দ্রে ভাংচুর হওয়া ব্যালট বাক্স।

নোয়াখালীর একটি কেন্দ্রে ভোট দেয়ার চিত্র, গোলযোগের কারণে এই উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। নোয়াখালীর একটি কেন্দ্রে ভোট দেয়ার চিত্র, গোলযোগের কারণে এই উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

দ্বিতীয় পর্বের নির্বাচনে বৃহস্পতিবার এছাড়াও ১১৪ উপজেলার মোট ৩৪ কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

নোয়াখালী সদর এবং অন্য স্থানের ৩৪ কেন্দ্র বাদে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্ব শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

প্রথম পর্বের চেয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের ভোটে গোলযোগ তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। সংঘর্ষে একজন নিহতও হয়েছেন।

প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বে গোলযোগ বেশি হয়েছে বলে স্বীকার করলেও একে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে দাবি করেছেন সিইসি।

তিনি সন্ধ্যায় ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “এগুলো বিচ্ছিন্ন ঘটনা। যারা পেশি শক্তি দেখাতে চায় তারা ঘটিয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে এ নির্বাচন।”

প্রথম পর্বে ৬২ শতাংশ ভোট পড়লেও এবারের ভোট পড়ার হার নিয়ে কোনো ধারণা দিতে চাননি সিইসি।

বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

কাজী রকিব বলেন, অনিয়মের অভিযোগে ভোট স্থগিতের পাশাপাশি দুই শতাধিক অপরাধীকে ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, নোয়াখালী সদর উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। এ উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি।

ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় নোয়াখালী সদর উপজেলার ‘আহমদিয়া উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে বোমাবাজি ও ব্যালট বাক্স ভাংচুরের ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের তিন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকেও মারধর করা হয় বলে প্রিসাইডিং কর্মকর্তা ইবনে সালেহ মো. ফরহাদ জানান।

তিনি বলেন, “১০টার দিকে কেন্দ্রের বাইরে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এরপর দুর্বৃত্তরা কেন্দ্রে ঢুকে দুটি ব্যালট বক্স ভাংচুর করে  এবং দেড়শ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।”

এ সময় বাধা দিতে গেলে সহকারী প্রিসাইডিং অফিসার মমতাজ বেগম, সাহিদা আক্তার ও আবুল হাসেমের ওপর হামলা হয় বলে জানান তিনি।

সদর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমগীর আলোর প্রধান এজেন্ট হারুনুর রশিদ আজাদ অধিকাংশ কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন।

ব্যাপক কারচুপির অভিযোগ এনে পৌর মেয়র হারুন বলেন, এসব নাশকতার সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শিহাব উদ্দিন শাহীনের কর্মীরা জড়িত।

এছাড়াও বরিশাল সদরে ১১টি, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১টি, ফেনী সদরের ২টি, সাভারের দুটি, কেরানীগঞ্জে ১টি, নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩টি, চাঁদপুরের ফরিদগঞ্জে ৬টি, সিলেটের বালাগঞ্জে ১টি, জামালপুরের মেলান্দহে ১টি ও বকশীগঞ্জে ২টি, বাগেরহাটের ফকিরহাটে ১টি এবং কুমিল্লার লাকসামে ২টি ও মনোহরগঞ্জে ১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।