অ্যাপল ছাড়ছেন নকশা প্রধান ইভানস হ্যাঙ্কি
দীর্ঘ দিনের নকশা প্রধান জনি আইভ অ্যাপল ছাড়ার পর দুজনকে পদোন্নতি দিয়ে নকশা দলের দায়িত্ব দিয়েছিল অ্যাপল। তাদেরই একজন ছিলেন হ্যাঙ্কি।
অ্যাপল ছাড়ছেন কোম্পানির নকশা বিভাগের প্রধান ইভানস হ্যাঙ্কি; নতুন আইফোন, অ্যাপল ওয়াচ আর ম্যাক কম্পিউটারের মতো বাজার মাতানো পণ্যগুলোর নকশা নির্ধারণের গুরুদায়িত্বটি ছিল তার ওপরেই।
এই নিয়ে তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নকশা প্রধান হারাচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি।
হ্যাঙ্কির বদলে কে ডিজাইন টিমের হাল ধরবেন, সে প্রসঙ্গে এখনও কোনো ঘোষণা দেয়নি অ্যাপল।
২০১৯ সালে দীর্ঘ দিনের নকশা প্রধান জনি আইভ অ্যাপল ছাড়ার ঘোষণা দেওয়ার পর দুজনকে পদোন্নতি দিয়ে পণ্যের নকশার দায়িত্বে থাকা দলের দায়িত্ব দিয়েছিল অ্যাপল। তাদেরই একজন ছিলেন ইভানস হ্যাঙ্কি।
তবে, পদ ছাড়ার ঘোষণা দিলেও তিনি কোম্পানির সঙ্গে আরও কিছুদিন থাকবেন বলে সিএনএনকে জানিয়েছে অ্যাপল।
হ্যাঙ্কির প্রস্থান প্রসঙ্গে এক অ্যাপল মুখপাত্র বলেন, “অ্যাপলের ডিজাইন টিম বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সৃজনশীল ও বিশেষজ্ঞ কর্মীদের এক জায়গায় নিয়ে আসে। জ্যেষ্ঠ ডিজাইন টিমে শক্তিশালী নেতৃত্ব দেওয়ার মতো বেশ কয়েকজন আছেন যাদের কয়েক দশকের অভিজ্ঞতা আছে।”
“এই পরিবর্তনের সময়টাতে আমাদের সঙ্গেই থাকার পরিকল্পনা করে রেখেছে ইভানস। তার নেতৃত্ব ও অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই।”
সিএনএন বলছে, নকশা বিভাগের প্রধানের প্রস্থানের এই খবর এমন সময়ে এলো যখন পুরনো পণ্যগুলো নির্দিষ্ট সময় পর পর ডিজাইন আপডেট পেলেও দেখা মিলছে না দীর্ঘ দিনের আলোচিত পণ্য বা নতুন কোনো পণ্যের।
এর মধ্যে আছে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেট। প্রযুক্তিপণ্যের বাজারে দীর্ঘদিন ধরে এর গুজব শোনা গেলেও কোনো কার্যকর প্রোটোটাইপ বা উল্লেখযোগ্য অগ্রগতির খবর দিতে পারেনি অ্যাপল।
২০১৯ সালে জনি আইভ ‘লাভফ্রম’ প্রতিষ্ঠান জন্য অ্যাপল ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন হ্যাঙ্কি।
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সঙ্গে কাজের দীর্ঘ দিনের অভিজ্ঞতা ছিল জনি আইভের। জবস-আইভ জুটির হাত ধরেই বাজারে এসেছিল আইপড এবং প্রথম আইফোনের মতো প্রযুক্তি বাজারে নতুন বিপ্লবের সূত্রপাত ঘটানো পণ্যগুলো; অ্যাপলের ভাগ্য ফিরেছিল এ জুটির হাত ধরেই।
গত বছরের ডিসেম্বরে ডিজাইন ও লাইফস্টাইল প্রকাশনা ‘ওয়ালপেপার’-কে অ্যাপল পণ্যের নকশা দলের কার্যপ্রণালীর অনেক কিছুই জানিয়েছিলেন হ্যাঙ্কি। অ্যাপল ওয়াচে ‘ট্যাপ’ করার প্রযুক্তি, নোটিফিকেশকে আরও মার্জিত করা এবং অ্যাপল কীভাবে হাজারো কান স্ক্যান করে এয়ারপডের নকশা করেছিল– সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন তিনি।
আইফোন এবং ম্যাক কম্পিউটারের মতো অন্যান্য পণ্যগুলো গুরুত্ব পায়নি সে আলোচনায়।
