২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে গুগল সার্চ বন্ধ করেছে রাশিয়াপন্থীরা

“গুগল যদি তাদের অপরাধমূলক নীতি থেকে সরে মূলধারার আইন এবং নৈতিকতা বোধে ফিরে যায়, তবে তাদের কাজে কোন বাধা তৈরি হবে না।”

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2022, 06:13 PM

Updated : 23 Jul 2022, 06:13 PM

পূর্ব ইউক্রেইন অঞ্চলের গুগল সার্চ ইঞ্জিনে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে দেশটির রাশিয়াপন্থী সমর্থকরা। এই সার্চ ইঞ্জিনকে ‘গুজব’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেইনে থাকা রাশিয়াপন্থী সমর্থক দলের প্রধান নেতা।

নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বার্তায় গুগলের বিরুদ্ধে ‘রাশিয়া বিরোধী সহিংসতা’ প্রচারের অভিযোগ তোলেন স্বঘোষিত ‘দনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর)’-এর প্রধান দেনিস পুশিলিন। পাশাপাশি, ‘মার্কিন সরকার নিযুক্ত লোকদেরও’ এই প্রচারণার জন্য দায়ী করেন তিনি।

“গুগল যদি তাদের অপরাধমূলক নীতি থেকে সরে মূলধারার আইন এবং নৈতিকতা বোধে ফিরে যায়, তবে তাদের কাজে কোন বাধা তৈরি হবে না।” --বলেছেন পুশিলিন।

এই দাবির পক্ষে অবশ্য কোনো প্রমাণ দেননি পুশিলিন। এই প্রসঙ্গে রয়টার্স গুগলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রাশিয়া বিরোধী গুজব প্রচার এবং একতরফা অবস্থান নেওয়ার অভিযোগ জানিয়ে এসেছে রাশিয়া ও তাদের সমর্থকরা।

মার্চে মেটাকে ‘চরমপন্থী কার্যক্রম পরিচালনার’ অভিযোগে দোষী সাব্যস্ত করে নিজ দেশে ফেইসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে রাশিয়া। এরইমধ্যে ফেইসবুক প্ল্যাটফর্মে রাশিয়ার গণমাধ্যমের প্রবেশাধিকার বন্ধ করেছে মস্কো।

রাশিয়ার এই আইন সমর্থন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক ফেইসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশাধিকার বন্ধ করেছে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ‘ডিপিআর’ এবং ‘লুহানস্ক পিপল’স রিপাবলিক (এলপিআর)’।