গুগলের কাছে ২৫৪০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবে ইউরোপের বিজ্ঞাপন শিল্প
বাদীপক্ষের প্রতিনিধিরা বলছেন, “সময় হয়েছে গুগলের দায় স্বীকারের এবং গুরুত্বপূর্ণ এই শিল্পের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার।”
প্রযুক্তি জায়ান্ট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেডের ওপর খেপেছেন ইউরোপের বিজ্ঞাপন প্রকাশকরা। অনলাইন এই বিজ্ঞাপন জায়ান্টের বিরুদ্ধে দুই হাজার ৫৪০ কোটি ডলার ক্ষতিপূরণের দাবিতে মামলা করবেন তারা।
রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে একযোগে যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসের আদালতে দুটি মামলা দায়ের করার পরিকল্পনা করেছে বিজ্ঞাপন প্রকাশকদের প্রতিনিধিত্বকারী আইনি প্রতিষ্ঠান।
বাদীপক্ষের প্রতিনিধিত্বকারী আইনি সেবাদাতা ‘গেরাডিন পার্টনার্সে’র অংশীদার ডেমিয়েন গেরাডিন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, “সময় হয়েছে গুগলের দায় স্বীকারের এবং গুরুত্বপূর্ণ এই শিল্পের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার।”
“এ কারণেই আমরা আজকে একযোগে দুটি আলাদা বিচার ব্যবস্থায় মামলার ঘোষণা দিচ্ছি যেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যের প্রকাশকদের জন্য ক্ষতিপূরণ পাওয়া যায়,”-- যোগ করেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় বাজারের প্রতিযোগিতা পর্যবেক্ষক সংস্থার সমালোচনার মুখে পড়েছে গুগল।
গত বছরেই কোম্পানিটিকে ২২ কোটি ডলার জরিমানা করেছিল ফ্রান্সের প্রতিযোগিতা পর্যবেক্ষক সংস্থা। একই সঙ্গে গুগল নিজস্ব বিজ্ঞাপনী প্রযুক্তি ও ব্যবসার মাধ্যমে বাজারের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর তুলনায় অন্যায় সুবিধা পাচ্ছে কি না- সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ইউরোপীয় কমিশন এবং যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক সংস্থা।
আসন্ন মামলা দুটির সমালোচনা করে গুগল দাবি করেছে, পুরো ইউরোপ জুড়ে বিজ্ঞাপনের প্রকাশকদের সঙ্গে গঠনমূলকভাবেই কাজ করে তারা।
মামলা প্রসঙ্গে গুগলের এক মুখপাত্র বলেছেন, “মামলা অনুমানমূলক এবং সুযোগসন্ধানী। অভিযোগ পেলে আমরা জোরেশোরেই তার মোকাবেলা করবো।”
রয়টার্স জানিয়েছে, বিজ্ঞাপনী ব্যানার থাকে, এমন সব ওয়েবসাইটের মালিকদের জন্য যুক্তরাজ্যের ‘ইউকে কম্পিটিশন আপিল ট্রাইবুনাল’-এর মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবে বাদীপক্ষ।
আর, গুগলের ব্যবসায়িক কৌশলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন সকল বিজ্ঞাপন প্রকাশকের জন্য নেদারল্যান্ডসের আদালতের মামলা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।
