Published : 06 Apr 2023, 05:45 PM
নতুন দুই আইন পাস করেছে যুক্তরাষ্ট্রের ইউটাহ। আর এটি পুরোপুরি বদলে দিতে পারে অঙ্গরাজ্যের তরুণদের সামাজিক মাধ্যম অ্যাপ ব্যবহারের ধরন।
মা বাবার ‘কনসেন্ট’, অ্যাপের মধ্যে থাকা ‘পেরান্টাল কন্ট্রোল’ ও ‘কারফিউ’র মতো বিভিন্ন ফিচারের ম্যান্ডেট’সহ বিভিন্ন কোম্পানির তরুণদের অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় কঠোরতা আরোপ করবে নতুন এই আইন।
তবে আইনটির সবচেয়ে বিতর্কিত দিকগুলোর একটি হলো বয়স শনাক্তকরণ ব্যবস্থা। বয়সভিত্তিক সীমাবদ্ধতা আরোপের উদ্দেশ্যে এতে স্ন্যাপ, মেটা ও টিকটকের মতো বিভিন্ন কোম্পানিকে তাদের সবচেয়ে কম বয়সী ব্যবহারকারীদের বয়স নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ রয়েছে।
আগামী বছরের মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই নীতিমালার আওতায় শীর্ষ প্ল্যাটফর্মগুলোর পক্ষে আর অতি সহজে কিশোরতরুণদের কেবল জন্মদিন প্রবেশ করিয়ে সাইন আপ করানো সম্ভব হবে না। এর বদলে অ্যাকাউন্টে প্রবেশের আগে তাদের ‘আইডি কার্ডের কপি’ প্রদানের মতো অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
ইউটাহ এই ধরনের আইন চালু করা প্রথম মার্কিন অঙ্গরাজ্য হলেও সম্ভবত এখানেই শেষ হচ্ছে না এটি। আর্কানস, ওহাইও, কানেক্টিকাট ও মিনেসোটার মতো অঙ্গরাজ্যগুলো বিভিন্ন এমন আইন চালুর কথা বিবেচনায় রেখেছে, যেখানে স্পষ্ট বয়স শনাক্তকরণের প্রয়োজনীয়তা বা অন্যান্য বয়সভিত্তিক সীমাবদ্ধতার মতো বিষয়গুলো থাকবে।
ফেডারেল স্তরে রিপাবলিকান সিনেটর জশ হাউলি এমন এক বিল প্রস্তাব করেছেন, যা ১৬ বছরের কম বয়সী তরুণদের সামাজিক মাধ্যম ব্যবহারে পুরোপুরি নিষেধাজ্ঞা দেবে। এ ছাড়া, সামাজিক কোম্পানিগুলোকেও নিজস্ব ব্যবহারকারীদের বয়স স্বতন্ত্র উপায়ে শনাক্ত করতে হবে।
এদিকে মার্কিন সার্জন জেনারেলও বলেছেন, ১৩ বছর কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য ‘অনেক কম বয়স’।
তবে সাম্প্রতিক নীতিমালায় পেরেন্টাল কনসেন্ট ও বয়সভিত্তিক সীমাবদ্ধতার বিধিনিষেধ বন্ধ করে বরং এর পরিবর্তে ডেটা প্রাইভেসির মতো কাঠামোগত সমস্যাগুলো সমাধানের আহ্বান জানানো হয়েছে।
অনলাইনে শিশু নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা অলাভজনক সংস্থা ‘কমন সেন্স মিডিয়া’র নীতি পরামর্শক আইরিন লি বলছেন, পরিবর্তনটি পূর্ণাঙ্গভাবে ঘটছে না কারণ আইন প্রণেতারা কোনো নির্ভরযোগ্য প্রাইভেসি বিল পাস করতে পারেননি।
“প্রাইভেসি নীতিমালায় সম্ভবত অনেক বেশি শর্ত আছে।” --এনগ্যাজেটকে বলেন তিনি।
“প্রযুক্তি নিয়ন্ত্রণের সকল দিকের বিকল্প খুঁজে পাওয়া কঠিন।”
বয়সভিত্তিক সীমাবদ্ধতা ও মা বাবার সম্মতির মতো বিষয়গুলো নিয়ে নিয়ন্ত্রকরা তুলনামূলক বিস্তৃত সমর্থন পেয়েছেন, অন্তত অঙ্গরাজ্যগুলোয়। বিশেষ করে সেইসব অঙ্গরাজ্যে, যেগুলো ‘মা বাবাকে অধিকার দেওয়ার’ বিষয়টি বিবেচনায় নিয়ে আইন পাস করেছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেন, কেবল বয়সভিত্তিক সীমাবদ্ধতার বিষয়টিতে মনযোগ দিলে নিয়ন্ত্রকদের প্রত্যাশিত মূল নিরাপত্তা সমস্যাগুলোর সমাধান আসবে না। আর ইউটাহর মতো অঙ্গরাজ্যগুলোয় নেওয়া বয়স শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা কেবল তরুণ বয়সী নয়, বরং সকল সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহারকারীর প্রাইভেসি ঝুঁকিতে ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।