অবশেষে ‘এডিট বাটন’ আসছে টুইটারে
এপ্রিল মাসে মাস্কের জরিপে সাড়া দিয়ে ‘এডিট বাটন’-এর পক্ষে মত দিয়েছিলেন ৭৩.৬ শতাংশ ব্যবহারকারী।
অবশেষে বহুল প্রত্যাশিত ‘এডিট বাটন’ যোগ হচ্ছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে। টুইট করার ৩০ মিনিটের মধ্যে একাধিকবার সেটি এডিট করার সুযোগ পাবেন নতুন ফিচারটির আওতায় থাকা সেবাগ্রাহকরা।
বৃহস্পতিবার টুইটার কর্তৃপক্ষের এক টুইটে বলা হয়, “আপনি যদি একটি এডিটেড টুইট দেখেন, তার কারণ হচ্ছে, আমরা এডিট বাটন নিয়ে পরীক্ষা চালাচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।”
বিবিসি জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায়ে থাকা ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ‘টুইটার ব্লু’ সেবাগ্রাহকদের জন্য চালু করবে টুইটার। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির এই ‘প্রিমিয়াম’ সেবার জন্য প্রতি মাসে চার ডলার ৯৯ সেন্ট খরচ করতে হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে চালু আছে টুইটার ব্লু। তবে ‘এডিট বাটন’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার আওতায় কেবল একটি দেশের সেবাগ্রাহকরা রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
নতুন ফিচারটি নিয়ে নিজস্ব ব্লগে নানা তথ্য দিয়েছে টুইটার। টুইট এডিট করা হলে তার পাশে একটি আলাদা আইকন, টাইমস্ট্যাম্প এবং ‘এডিট হিস্ট্রি’র লিংক দেওয়া থাকবে বলে জানিয়েছে তারা।
‘আলোচনার বিশুদ্ধতা ধরে রাখতে এবং যা বলা হয়েছে তার উন্মুক্ত দলিল জনসাধারণের জন্য রাখতে’ নতুন ফিচার এমনভাবে সাজানো হয়েছে বলে জানিয়েছে টুইটার।
নতুন ফিচারটির কারণে ‘টুইট করা আরও সহজ মনে হবে এবং চাপের অনুভূতি কমে আসবে’ বলে মনে করছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি।
টুইটারে ‘কখনোই কোনো এডিট বাটন’ যোগ হবে না বলে এক সময় মন্তব্য করেছিলেন প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসি।
সে পরিস্থিতি পাল্টেছে টুইটারের দৃশ্যপটে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের আবির্ভাবের পর। এপ্রিল মাসে মাস্ক টুইট করে প্ল্যাটর্মটির সাধারণ ব্যবহারকারীদের কাছে জানতে চেয়েছিলেন, তারা এডিট বাটন চান কি না। ওই মাসেই চার হাজার চারশ কোটি ডলারে টুইটারের সকল শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে প্রযুক্তি বাজারে আলোড়ন তোলেন তিনি।
মাস্কের জরিপে সাড়া দেওয়া ৪৪ লাখ টুইটার ব্যবহারকারীর মধ্যে এডিট বাটনের পক্ষে মত দিয়েছিলেন ৭৩.৬ শতাংশ।
