‘শপিং’ ট্যাব ছাড়াই নতুন হোম ফিড পরীক্ষা করছে ইনস্টাগ্রাম
২০২৩ সালের মার্চ মাস নাগাদ শপিং পেইজে নিয়ে যাওয়ার বাটনটি মুছে দিতে পারে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম ‘শপিং’ ট্যাব ছাড়াই নতুন হোম ফিড নিয়ে পরীক্ষা শুরু করেছে, যাকে ক্রমশ ই-কমার্স খাত থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
কিছু ব্যবহারকারী বলছেন, সম্প্রতি তাদের স্ক্রিনের নিচের অংশে থাকা ইনস্টাগ্রামের নেভিগেশন বারে শপিং ট্যাবের বদলে ‘নোটিফিকেশন’ ট্যাব জায়গা করে নিয়েছে। আর শপিং ট্যাব চলে গেছে মেনুতে, ‘সেটিংস’ এবং ‘সেইভড পোস্টস’-এর মত অপশনগুলোর পাশে।
এই পরিবর্তনকে একটি সীমিত সময়ের পরীক্ষার অংশ বলে নিশ্চিত করেছেন মেটা মুখপাত্র অ্যানি ইয়েহ।
এক বিবৃতিতে তিনি বলেন, “আপনার ইনস্টাগ্রাম অভিজ্ঞতা সহজ করতে আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে হাতে গোনা কিছু ব্যক্তির অংশগ্রহণে অ্যাপের নিচে থাকা মূল নেভিগেশন বারে কিছু পরিবর্তন পরীক্ষা করে দেখছি আমরা।”
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এই ট্যাব সরিয়ে ফেলা ইনস্টাগ্রামের তরফ থেকে একটি সচেতন সিদ্ধান্ত এবং অনলাইনে কেনাকাটা সংশ্লিষ্ট ফিচার থেকে প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে এ কোম্পানি।
এ মাসের শুরুতে একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ইনফর্মেশন এক প্রতিবেদনে জানিয়েছিল, ই-কমার্স খাত নিয়ে মনোভাব পাল্টাচ্ছে ইনস্টাগ্রাম। ২০২৩ সালের মার্চ মাসে শপিং পেইজে নিয়ে যাওয়ার বাটনটি ইনস্টাগ্রাম মুছে দেবে বলেও পূর্বাভাস দিয়েছে দ্য ইনফর্মেশন।
তাদের প্রতিবেদন বলছে, ই কমার্সের পরিবর্তে মেটার বিজ্ঞাপনী আয়ের দিকে বেশি নজর দেবে ইনস্টাগ্রাম। আর ‘ট্যাবস লাইট’ নামে একটি তুলনামূলক কম ‘পার্সোনালাইজড’ শপিং পেইজও পরীক্ষা করবে প্ল্যাটফর্মটি।
গত কয়েক বছর ধরে কেনাকাটার জন্য আলাদা ট্যাবের মত ফিচারগুলো যোগ করে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ নিজস্ব প্ল্যাটফর্মকে এমন একটি জায়গা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, যেখানে ব্যবহারকারী অ্যাপ থেকে বের না হয়ে সরাসরি ফিডে দেখা পণ্য কিনতে পারবেন।
ভার্জ বলছে, ব্যবহারকারীদের অনেকে ইনস্টাগ্রামকে বিভিন্ন নতুন ব্র্যান্ড ও পণ্য আবিষ্কারের প্ল্যাটফর্স হিসেবে দেখলেও ‘শপিং পেইজ’-এর সাফল্য নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।
তারপরও অ্যাপে কেনাকাটা সহজ করার লক্ষ্যে বেশ কিছু নতুন ফিচার এনেছে মেটা। এর মধ্যে আছে অ্যাপের মেসেজিং ফিচারে একটি আপডেট, যার মাধ্যমে সরাসরি বার্তা পাঠানোর মাধ্যমে গ্রাহক সেবা সামলানোর সুবিধা পান ব্যবসায়িক পেইজের মালিকরা।
