২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জমাট পানির’ খোঁজে চাঁদে যাচ্ছে নাসার ফ্ল্যাশলাইট

চাঁদে দক্ষিণ মেরুর জ্বালামুখগুলোর ভেতরে জমে যাওয়া পানির আধার থেকেই নভোচারীদের জন্য সুপেয় পানি, অক্সিজেন আর রকেটের জ্বালানী আহরণ করা যেতে পারে।

‘জমাট পানির’ খোঁজে চাঁদে যাচ্ছে নাসার ফ্ল্যাশলাইট

ছবি: নাসা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 06:46 PM

Updated : 30 Oct 2022, 06:46 PM

চাঁদের দক্ষিণ মেরুতে বরফে পরিণত হওয়া জলাধারের খোঁজে মহাকাশে যেতে প্রস্তুত নাসার ‘লুনার ফ্ল্যাশলাইট’। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে চাঁদে যাবে ব্রিফকেস আকারের স্যাটেলাইটটি।

চন্দ্রপৃষ্ঠের ওপরের স্তরের ধুলো-পাথরের নিচে জমাট বেঁধে বরফের রূপ নেওয়া পানির অস্তিত্বের ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন আগেই। কিন্তু চাঁদে দক্ষিণ মেরুর জ্বালামুখগুলোর ভেতরে জমাট পানির আধারের অস্তিত্ব নিয়ে এখনও নিরেট তথ্যপ্রমাণ মেলেনি।

এর অস্তিত্ব আদৌ থাকলে, বিজ্ঞানীরা সেই জমাট জল থেকেই নভোচারীদের জন্য সুপেয় পানি, অক্সিজেন আর রকেটের জ্বালানী আহরণের সম্ভাবনা দেখছেন বলে জানিয়েছে নাসা।

তাই, অন্ধকার জ্বালামুখের গভীরে এমন জলাধারের খোঁজ করতেই চাঁদে যাচ্ছে ‘লুনার ফ্ল্যাশলাইট।’ স্বল্প উচ্চতা থেকে জ্বলামুখের গভীরে লেজার রশ্মি ছুড়ে দেবে এটি।

মিশন ব্যবস্থাপক জন বেকার জানিয়েছেন, উৎক্ষেপণের পর টার্গেট কক্ষপথে পৌঁছাতে তিন মাস সময় নেবে স্যাটেলাইটটি।

“লুনার ফ্ল্যাশলাইট চন্দ্রপৃষ্ঠের এমন জায়গায় জমাট পানির খোঁজ করবে যেখানে আগে কারও নজর পড়েনি।”

যাত্রাপথ ‘প্রায় সরল’ হবে লুনার ফ্ল্যাশলাইটের। উৎক্ষেপণের পর প্রথমে চাঁদকে ছাড়িয়ে আরও ৭০ হাজার কিলোমিটার দূরে যাবে স্যাটেলাইটটি। তারপর পৃথিবী আর সূর্যের মাধ্যাকর্ষণের টানে আবার চাঁদের কাছে ফিরে আসবে। তারপর অবস্থান নেবে চাঁদের দক্ষিণ মেরুর ১৫ কিলোমিটার ওপরে।

নাসা জানিয়েছে, আকারে ছোট স্যাটেলাইটটিতে বেশি জ্বালানী বহনের সক্ষমতা নেই; তাই জ্বালানীর বদলে মাধাকর্ষণ শক্তি ব্যবহার করে স্যাটেলাইটটিকে কাঙ্খিত অবস্থানে নেওয়ার পরিকল্পনা করেছে নাসা। এর আগে, ‘সিসলুনার অটোনোমাস পজিশনিং সিস্টেম টেকনোলজি অপারেশনস অ্যান্ড নেভিগেশন এক্সপেরিমেন্ট (ক্যাপস্টোন)’ মিশনেও একই কৌশল অবলম্বন করেছিল নাসা।

Image

ছবি: নাসা

চাঁদের জমাট পানি খুঁজতে চার লেজারের ‘রিফ্লেক্টোমিটার’ ব্যবহার করবে ফ্ল্যাশলাইট। ‘নিয়ার ইনফ্রারেড’ তরঙ্গদৈর্ঘ্যে পানির খোঁজ করবে এটি। পানি ‘নিয়ার ইনফ্রারেড’ তরঙ্গদৈর্ঘ্য শুষে নিলেও পাথুরে পৃষ্ঠ থেকে আলো প্রতিফলিত হয়ে ফেরত আসবে রিফ্লেক্টোমিটারে।

অর্থাৎ, ফ্ল্যাশলাইট থেকে ছুড়ে দেওয়া লেজার রশ্মি যদি প্রতিফলিত হয়ে স্যাটেলাইটে ফেরত আসে, তবে নাসা ধরে নেবে যে পাথর বা শক্ত কোনো পৃষ্ঠে প্রতিফলিত হয়ে ফেরত এসেছে আলো। আর যদি ফেরত না আসে, তবে ধরে নেবে নিচে পানি আছে।

বিজ্ঞানীদের ধারণা, বছরের পর বছর চাঁদের গায়ে আছড়ে পড়া ধূমকেতু আর গ্রহাণুই চাঁদের পানির কণার মূল উৎস। পরবর্তীতে যা সৌরবাতাস আর চাঁদের মাটি পাথরের কারণে এক জায়গায় জমাট বেঁধেছে।

নাসা জানিয়েছে, ৯ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে যাত্রা শুরু হবে লুনার ফ্ল্যাশলাইটের। ফ্যালকন ৯ রকেটে ফ্ল্যাশলাইটের সহযাত্রী হবে জাপানের ‘হাকুতো-আর ল্যান্ডার’ এবং সংযুক্ত আরব আমিরাতের ‘রাশিদ ১ রোভার’।