যুক্তরাষ্ট্রে কিশোর বয়সীদের এক তৃতীয়াংশেরও কম ফেইসবুকে
২০১৪-১৫ সালে যুক্তরাষ্ট্রের ৭১ শতাংশ কিশোরবয়সী ব্যবহারকারীর ফেইসবুক অ্যাকাউন্ট ছিল; ২০১৮ সালে যা নেমে এসেছিল ৫১ শতাংশে।
বিশ্বের বৃহত্তম সামাজিক মাধ্যম হলেও কিশোর বয়সীদের মন ভজাতে পারছে না ফেইসবুক। প্রতি বছর প্ল্যাটফর্মটিতে কিশোর বয়সী ব্যবহারকারীদের সংখ্যা কমে চলেছে। ফেইসবুকের বদলে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাটের দিকেই এদের আগ্রহ বেশি বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে।
পিউ রিসার্চ সেন্টার তাদের সাম্প্রতিক এক জরিপ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বলছে, কেবল যুক্তরাষ্ট্রেই কিশোরবয়সীদের মধ্যে ফেইসবুক ব্যবহার করেন এক-তৃতীয়াংশেরও কম। ২০১৪-১৫ সালে যুক্তরাষ্ট্রের ৭১ শতাংশ কিশোরবয়সী ব্যবহারকারীর ফেইসবুক অ্যাকাউন্ট ছিল; ২০১৮ সালে যা নেমে এসেছিল ৫১ শতাংশে।
কিশোরবয়সীদের মধ্যে জনপ্রিয়তা হারালেও প্রাপ্তবয়স্কদের কাছে গ্রহণযোগ্যতা ধরে রেখেছে প্ল্যাটফর্মটি। ফেইসবুক ব্যবহার করছেন জরিপে অংশ নেওয়া প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৬৯ শতাংশ।
তবে, বয়সভেদে সবার কাছেই জনপ্রিয়তা ধরে রেখেছে ইউটিউব। ২০২১ সালের জরিপে ১০টি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম অন্তর্ভূক্ত করেছিল পিউ রিসার্চ সেন্টার। তরুণ বয়সীদের মধ্যে ৯৫ শতাংশ ইউটিউব ব্যবহার করার কথা বলেছেন; ২০১৮ সালে যা ছিল ৮৫ শতাংশ। প্রাপ্তবয়স্কদের মধ্যেও সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম এটি।
কিশোরবয়সীদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা যে বেড়েই চলেছে, জরিপেও তার প্রমাণ পেয়েছে পিউ। টিকটক ব্যবহার করেন জরিপে অংশ নেওয়া কিশোর বয়সীদের ৬৭ শতাংশ; আর ১৬ শতাংশ বলেছেন তারা প্রায় সবসময়েই প্ল্যাটফর্মটিতে হাজির থাকেন।
জনপ্রিয়তার বিচারে টিকটকের পরেই আছে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট; প্ল্যাটফর্ম দুটি নিয়মিত ব্যবহার করেন কিশোরবয়সীদের মধ্যে যথাক্রমে ৬২ শতাংশ এবং ৫৯ শতাংশ।
প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডো জানিয়েছে, পিউ রিসার্চ সেন্টারের ২০১৪-২০১৫ সালের জরিপের সঙ্গে তুলনা করলে (যথাক্রমে ৫১ শতাংশ ও ৪১ শতাংশ), ২০২১ সালে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের জনপ্রিয়তা বেড়েছে। তবে, এটি আরও বেশি ছিল ২০১৮ সালে। সেই তুলনায় খানিকটা পিছিয়েছে এরা।
২০১৮ সালে পিউ রিসার্চকে নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহারের কথা বলেছিলেন ৭২ শতাংশ কিশোরবয়সী। আর স্ন্যাপচ্যাটের বেলায় এর আকার ছিল ৬৯ শতাংশ।
তবে, আগের বছরগুলোর জরিপ চালানোর প্রক্রিয়া ভিন্ন হওয়ায় পুরনো তথ্যের সঙ্গে নতুন জরিপের তথ্য-উপাত্তের সরাসরি তুলনা সঠিক হবে না বলে মন্তব্য করেছে পিউ রিসার্চ সেন্টার।
উল্লেখিত প্ল্যাটফর্মগুলো বাদে অন্যান্য প্ল্যাটফর্মে কিশোরবয়সীদের আগ্রহ আরও কম বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি। জরিপে অংশ নেওয়া কিশোরবয়সীদের মধ্যে টুইটার ব্যবহার করেন ২৩ শতাংশ, টুইচ ব্যবহার করেন ২০ শতাংশ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১৭ শতাংশ এবং রেডিট ব্যবহার করেন ১৪ শতাংশ।
লিঙ্গ, জাতি এবং সচ্ছলতা ভেদে ইন্টারনেট ও সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারের পার্থক্যও উঠে এসেছে পিউ রিসার্চের গবেষণায়। কিশোরদের মধ্যে ইউটিউব, টুইচ এবং রেডিট ব্যবহারের প্রবণতা বেশি। গেইমারদের মধ্যে আলাদা জনপ্রিয়তা আছে প্ল্যাটফর্মগুলোর।
অন্যদিকে, কিশোরীদের মধ্যে টিকটক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহারের প্রবণতা বেশি বলে উঠে এসেছে জরিপে। আর শেতাঙ্গদের তুলনায় দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা কৃষ্ণাঙ্গ ও হিসপ্যানিক কিশোরবয়সীদের মধ্যেই বেশি।
