প্রোফাইল ট্রান্সফার ফিচার এলো নেটফ্লিক্সে
কনটেন্ট বিষয়ে ব্যবহারকারীর জন্য বিশেষায়িত পরামর্শ, ‘ভিউয়িং হিস্ট্রি’, ‘মাই লিস্ট’, সংরক্ষিত গেইম ও অন্যান্য সেটিং নতুন অ্যাকাউন্টে নেওয়ার সুযোগ দেবে এই ফিচার।
বিভিন্ন দেশে বেশ কয়েক মাস পরীক্ষা চালানোর পর প্ল্যাটফর্মে ‘প্রোফাইল ট্রান্সফার’ নামে নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।
সোমবারের ঘোষণা অনুযায়ী, কনটেন্ট বিষয়ে ব্যবহারকারীর জন্য বিশেষায়িত পরামর্শ, ‘ভিউয়িং হিস্ট্রি’, ‘মাই লিস্ট’, সংরক্ষিত গেইম ও অন্যান্য সেটিং নতুন অ্যাকাউন্টে নেওয়ার সুযোগ দেবে এই ফিচার।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এই ফিচার চালু করার দুটি কারণ আছে, যার কেবল একটি সম্পর্কে দর্শককে ভাবাতে চায় নেটফ্লিক্স।
এর প্রথম কারণ হলো, রুমমেট, সঙ্গী বা মা-বাবার সঙ্গে অ্যাকাউন্ট শেয়ার করা ব্যবহারকারী পরবর্তীতে আলাদা হয়ে যাওয়ার পরও প্রতিবারই লগইনের সময় তাদের নাম দেখতে হয়।
“আপনি কী নীরবে পাসওয়ার্ড বদলে তাদের প্রোফাইল আটকে দেবেন? তাদের ডেকে নিজস্ব অ্যাকাউন্ট নিতে বলবেন?” --প্রতিবেদনে লিখেছে ভার্জ।
নতুন একক অ্যাকাউন্ট ব্যবহারকারীর জন্য এই পরিবর্তন সহজ করতে চায় নেটফ্লিক্স। এতে তাদের আর শূন্য থেকে শুরু করতে হবে না।
দ্বিতীয় কারণ হলো, নেটফ্লিক্স আদাজল খেয়ে চেষ্টা করছে যাতে তুলনামূলক বেশি গ্রাহকের কাছে নিজস্ব অ্যাকাউন্ট থাকে। কোম্পানির অগ্রগতির প্রাথমিক লক্ষ্যের একটি হলো পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা। পাশাপাশি, গ্রাহক সংখ্যা বাড়ানোর বিভিন্ন নতুন উপায় খুঁজছে এটি।
নেটফ্লিক্সের অনুমান বলছে, বর্তমানে ১০ কোটির বেশি পরিবারের সদস্য শেয়ার করা অ্যাকাউন্টের মাধ্যমে সেবাটি ব্যবহার করছেন।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, দুটো ঘটনার ক্ষেত্রেই, ব্যবহারকারীকে একটি চালু প্রোফাইল থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে সাহায্য করবে ফিচারটি।
প্ল্যাটফর্মটির বিভিন্ন নির্দেশনা বলছে, কীভাবে ব্যবহারকারী ‘নিজস্ব অ্যাকাউন্টের মালিক হতে ও প্রোফাইলে পছন্দের সবকিছু রাখতে’ পারবেন। এ ছাড়া, প্রোফাইলের একটি ‘ব্যাকআপ কপি’ থেকে যাবে আগের অ্যাকাউন্টে।
গেল মার্চ থেকেই চিলি, কোস্টারিকা ও পেরুতে প্রোফাইল ট্রান্সফার ফিচারের পরীক্ষা চলছিল। এখন আরও বিস্তৃতভাবে চালু হচ্ছে এটি।
ভার্জ বলছে, পাসওয়ার্ড শেয়ার করা ব্যবহারকারীদের কাছ থেকে কীভাবে তুলনামূলক বেশি অর্থ আয় করা যায়, এর আরেকটি উপায় হলো নতুন এই ফিচার।
ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে মাসিক বাড়তি কিছু আয়ের পাশাপাশি কারা অ্যাকাউন্টের অংশ, বিভিন্ন ভেরিফিকেশন কোড ব্যবহার করে তা শনাক্ত করতে একটি অতিরিক্ত ‘হোম’ চালুর উপায় পরীক্ষা করছে কোম্পানিটি।
ভার্জের প্রতিবেদন বলছে, যেকোনো উপায়ে কোনো ব্যবহারকারী অন্য অ্যাকাউন্টে থেকে গেলে শীঘ্রই তার ‘পিছু নিতে পারে’ কোম্পানিটি।
