২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেজার অবজার্ভেটরি চিনবে ভিনগ্রহবাসীর নভোযান?

দ্রুতগতিতে ছুটে চলা দানবীয় কোনো মহাকাশযানের ফলে সৃষ্ট কম্পন চিহ্নিত করার সম্ভাবনার কথা বলেছেন গবেষকরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 05:07 PM

Updated : 28 Dec 2022, 05:07 PM

বিশ্বের বৃহত্তম গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজার্ভেটরির এক অভিনব ব্যবহারের প্রস্তাব দিয়েছেন বিজ্ঞানীরা; মহাবিশ্বে ভিনগ্রহবাসীদের অস্তিত্ব থাকলে তাদের নভোযানের উপস্থিতির প্রভাব চিহ্নিত করতে চাইছেন তারা। 

ভরযুক্ত কোনো বস্তু ‘স্পেস-টাইম’-এর মধ্যে দিয়ে ছুটে গেলে গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় তরঙ্গ তৈরি হয়। আর গ্রহ, নিউট্রন স্টার বা ব্ল্যাক হোলের মত বড় কোনো কিছুর বেলায় এমন মহাকর্ষীয় ঢেউয়ের আকার হয় আরও বড়। ২০১৫ সালে প্রথমবারের মত সরাসরি মহাকর্ষীয় তরঙ্গ চিহ্নিত করেছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। তারপর থেকে এই অদৃশ্য শক্তির উপস্থিতি চিহ্নিত করার সক্ষমতা আরও বেড়েছে তাদের। 

আর ৫ ডিসেম্বর প্রকাশিত এক ডেটাবেইজে মহাকাশবিজ্ঞানীদের বর্ণিত হিসাব-নিকাশ ইঙ্গিত করছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজার্ভেটরি (লিগো)’ ব্যবহার করে গ্রহ-নক্ষত্র ছাড়া অন্যান্য বস্তুও চিহ্নিত করা সম্ভব।

বিশেষ করে দ্রুতগতিতে ছুটে চলা দানবীয় কোনো মহাকাশযানের ফলে সৃষ্ট কম্পন চিহ্নিত করার সম্ভাবনার কথা বলেছেন গবেষকরা। 

স্পেস-টাইমের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার সময় তাতে ছোট ছোট চ্যুতি-বিচ্যুতি সৃষ্টি করে মহাকর্ষীয় তরঙ্গ; আর তা চিহ্নিত করতে পারে লিগো ডিটেক্টর। 

লিগো ডিটেক্টর দেখতে ইংরেজি ‘L’ অক্ষরের মত, ৪ কিলোমিটার দৈর্ঘ্যের দুই বাহু আছে এর। দুই বাহুর ভেতরে আছে হুবহু একই রকমের দুটি লেজার রশ্মি। মহাকর্ষীয় তরঙ্গ যখন পৃথিবীতে আছড়ে পড়ে, দুই লেজার রশ্মির ওপর তার প্রভাবের পর্যালোচনা করে তার ভিত্তিতে দূর মহাকাশের স্পেস-টাইমে ভরযুক্ত বস্তুর উপস্থিতি চিহ্নিত করতে পারেন গবেষকরা। 

লিগো সক্ষমতা বিবেচনায় নিয়ে মহাকাশবিজ্ঞানীরা বলছেন, লেজার অবজার্ভেটরির মাধ্যমে দূর মহাকাশে কোনো ভিনগ্রহবাসীর নভোযান চিহ্নিত করতে হলে, সেই নভোযানকে আকারে অন্তত বৃহস্পতি গ্রহের সমান হতে হবে, গতি হতে হবে আলোর গতির দশ ভাগের এক ভাগ এবং উপস্থিতি থাকতে হবে পৃথিবী থেকে তিন লাখ ২৬ হাজার আলোকবর্ষ দূরত্বের মধ্যে। 

এত উচ্চগতির এবং এত বড় আকারের মহাকাশযান নির্মাণ আদৌ সম্ভব কি না– মহাকাশবিজ্ঞানীদের কাছে এখন সে প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। তবে, সামনের দুই দশকের মধ্যে আরও ছোট আকারের নভোযান চিহ্নিত করতে সক্ষম লেজার অবজার্ভেটরি নির্মাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন গবেষকরা। 

গবেষণা প্রতিবেদনে মহাকাশবিজ্ঞানীরা লিখেছেন. “গ্র্যাভিটেশনাল ওয়েভের (জিডব্লিউ) আকার পুরোপুরি বস্তুর গতিপথের ওপর নির্ভর করে। তাই এতে আকস্মিক কোনো বিস্ফোরক সিগনাল চিহ্নিত করা গেলে জিডব্লিউ-এর আকার পর্যালোচনা করে মূল বস্তুর বৈশিষ্ট চিহ্নিত করা সম্ভব।”