এআই খাতে বড় বিনিয়োগের সুফল তুলতে কর্পোরেট বাজারে মেটা
মেটা তাদের নিজস্ব ডেটা সেন্টারের অবকাঠামো বা ক্লাউড রিসোর্স অন্য কোম্পানির কাছে লিজ দেওয়ার কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিজ্ঞাপনের ওপর সম্পূর্ণ একক নির্ভরতা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এন্টারপ্রাইজ ব্যবসা শুরু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
এন্টারপ্রাইজ ব্যবসায় প্রবেশের মাধ্যমে অন্যান্য কর্পোরেট কোম্পানির কাছে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক পণ্য ও সেবা বিক্রি করবে কোম্পানিটি।
ফেইসবুকে দেওয়া এক পোস্টে এ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, মেটার ব্যবসার ‘পরবর্তী বড় ভিত্তি’ হতে যাচ্ছে এআইকেন্দ্রিক এন্টারপ্রাইজ সেবা বিক্রি করা।
নতুন এ বাণিজ্যিক উদ্যোগের হাল ধরতে ডেটাবেইস কোম্পানি ‘মনগোডিবি’র সাবেক শীর্ষ নির্বাহী চিরন্তন ‘সিজে’ দেশাইকে কোম্পানির নতুন ‘চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার’ পদে নিয়োগ দিয়েছেন জাকারবার্গ।
বিশ্লেষকরা বলছেন, মেটা দীর্ঘদিন ধরেই এই রূপান্তরের প্রস্তুতি নিচ্ছিল। কয়েক মাস ধরে কোম্পানিটি বিভিন্ন ব্যবসায়িক এআই এজেন্ট ও উন্নত কোডিং প্ল্যাটফর্মের মতো একগুচ্ছ এআইকেন্দ্রিক টুল বাজারে এনেছে।
এ ছাড়া, প্রযুক্তি অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, মেটা তাদের নিজস্ব ডেটা সেন্টারের অবকাঠামো বা ক্লাউড রিসোর্স অন্য কোম্পানির কাছে লিজ দেওয়ার কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তবে এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট বা চূড়ান্ত পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ফেইসবুক ও ইনস্টাগ্রামের এ মূল কোম্পানি।
ফেইসবুকে দেওয়া ঘোষণায় জাকারবার্গ লিখেছেন, “মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম আমাদের এমন কিছু সক্ষমতার সদ্ব্যবহার করবে, যা অন্য খুব কম কোম্পানিরই রয়েছে।
“যেমন, উন্নত মডেল, লিডিং এজেন্ট, বড় পরিসরের অবকাঠামো ও বহু বছর ধরে বিভিন্ন ব্যবসার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা।
“প্রাথমিকভাবে আমরা মিউজ এজেন্ট, মেটা বিজনেস এজেন্ট, মিউজ এপিআই, মিউজ কোড ও অন্যান্য প্রযুক্তি সহ আমাদের পূর্ণাঙ্গ প্রযুক্তি কোম্পানি ও ডেভেলপারদের বৃদ্ধিতে সহায়তার জন্য উন্মুক্ত করার ওপর জোর দেব।"
বিশ্লেষকরা বলছেন, নতুন এই এন্টারপ্রাইজ ব্যবসা চালুর মাধ্যমে মেটা তাদের বড় এআই বিনিয়োগের সঠিক আর্থিক রিটার্ন নিশ্চিত করতে চাইছে।
এর আগে, জাকারবার্গ বলেছিলেন, আগামী দুই বছরে কোম্পানিটি এআই খাতে ছয় হাজার কোটি ডলার খরচ করার প্রত্যাশা করছে, যার একটি বড় অংশ ব্যয় হবে নতুন ডেটা সেন্টার নির্মাণে।
এ বিশাল পরিমাণ ব্যয় মেটা কীভাবে ও কত দ্রুত পুষিয়ে নেবে তা নিয়ে প্রযুক্তি অঙ্গনে নানা প্রশ্ন ছিল। কোম্পানিটি সাধারণ ব্যবহারকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কিছু এআই সাবস্ক্রিপশন চালু করেছে।
তবে ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা স্বতঃস্ফূর্তভাবে এর জন্য অর্থ পরিশোধ করবেন কিনা তা নিশ্চিত নয়।
এ প্রেক্ষাপটে, কর্পোরেট বা ব্যবসায়িক গ্রাহকদের নিয়ে তৈরি এন্টারপ্রাইজ ব্যবসা মেটার জন্য বেশি লাভজনক হতে পারে।
