এক্স-এআই’তে শত কোটি ডলারের বিনিয়োগ চান মাস্ক
এক্সএআইতে রয়েছেন ‘ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টেসলা ও ‘ইউনিভার্সিটি অফ টরন্টো’তে এক সময় কাজ করা’ কর্মীরা।
নিজের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ‘এক্সএআই’-এর জন্য একশ কোটি ডলারের বিনিয়োগ প্রত্যাশা করছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক --এমনই উঠে এসেছে নতুন এক নথিতে।
মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’-এর কাছে জমা দেওয়া ওই নথিতে দেখা গেছে, প্রত্যাশিত একশ কোটি ডলারের ১৩ কোটি ৪৭ লাখ ডলার ইতোমধ্যে তুলতে পেরেছে স্টার্টআপ কোম্পানিটি।
গেল জুলাই মাসে সামাজিক মাধ্যম এক্স-এ এআই কোম্পানিটি প্রতিষ্ঠার ঘোষণা দেন মাস্ক, যার লক্ষ্য হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘বাস্তবতা বোঝা’।
বছরের শুরুতে কোম্পানির কর্মীদের নাম প্রকাশ করেছিল এক্সএআই, যেখানে রয়েছেন ‘ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টেসলা ও ‘ইউনিভার্সিটি অফ টরন্টো’তে এক সময় কাজ করা’ কর্মীরা।
মাইক্রোসফট, গুগল ও ওপেনএআইয়ের মতো কোম্পানিগুলো এআই প্রযুক্তির পেছনে বিনিয়োগ শুরুর পরপরই নতুন এ কোম্পানির ঘোষণা দেন মাস্ক।
চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন মাস্ক। তবে, টেসলা ও নিজস্ব এআই কার্যক্রম নিয়ে সম্ভাব্য ঝামেলা এড়াতে ২০১৮ সালে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান তিনি।
এর আগেও নিজস্ব এআই কোম্পানি শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন মাস্ক। এমনকি ফক্স নিউজের উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একে ‘আসল সত্য অনুসন্ধানের এআই’ বলেও আখ্যা দিয়েছিলেন।
এখন পর্যন্ত এক্সএআই ‘গ্রক’ নামের চ্যাটবট নিয়ে কাজ করছে, যা অনেকটা চ্যাটজিপিটি’র মতোই কাজ করে।
মাস্কের দাবি, চ্যাটবটটি এর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বুদ্ধিমান ও মজাদার। এমনকি অন্যান্য চ্যাটবট যেসব ‘বিতর্কিত প্রশ্নের’ জবাব দিতে চায় না, সেগুলোর জবাবও দেয় এটি।
“গ্রক এমনভাবে নকশা করা, যেখানে বিভিন্ন বিদ্রোহী ভাবাপন্ন প্রশ্নের মজাদার জবাব পাওয়া যায়। আর আপনি হাস্যরস ঘৃণা করে থাকলে দয়া করে এটি ব্যবহার করবেন না।” --উল্লেখ রয়েছে চ্যাটবট উন্মোচনের ঘোষণা দেওয়া ব্লগ পোস্টে।
গত মাসে মাস্ক বলেন, এক্সএআই’কে সামাজিক মাধ্যম এক্স-এ সম্পৃক্ত করার পাশাপাশি একটি স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ হিসেবেও এটি পাওয়া যাবে।
নতুন নথিতে উঠে এসেছে, এখন পর্যন্ত চারজন বেনামী বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় সাড়ে ১৩ কোটি ডলারের আর্থিক তহবিল পেয়েছেন টেসলা বস মাস্ক। তবে, তার প্রত্যাশিত একশ কোটি ডলারের লক্ষ্যমাত্রা পূরণে এখনও সাড়ে ৮৬ কোটি ডলারের পথ পেরোনো বাকি।
