১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলে প্রাণের খোঁজে ‘রোবটের ঝাঁক’ পাঠাতে চান বিজ্ঞানীরা

মঙ্গলের পৃষ্ঠে একাধিক ধরনের রোবট পাঠানো গেলে সেগুলো একে অপরের সঙ্গে মিলে গ্রহটির দুর্গম ও জটিল ভূখণ্ডে পথ চলতে পারবে বলে ধারণা গবেষকদের।

মঙ্গলে প্রাণের খোঁজে ‘রোবটের ঝাঁক’ পাঠাতে চান বিজ্ঞানীরা

ভিনগ্রহের প্রাণের চিহ্ন খুঁজতে মঙ্গলের পৃষ্ঠে অনুসন্ধান চালাবে রোবটের ঝাঁক। ছবি: নাসা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 02:05 PM

Updated : 15 Nov 2026, 02:05 PM

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজতে একঝাঁক রোবট পাঠানোর পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা।

জার্মান মহাকাশ সংস্থার অধীনে পরিচালিত ‘ভ্যামেক্স’ নামের এই প্রকল্পে আশা করা হচ্ছে, ‘লাল গ্রহ’ হিসেবে পরিচিত মঙ্গলের পৃষ্ঠে একাধিক ধরনের রোবট পাঠানো গেলে সেগুলো একে অপরের সঙ্গে মিলে গ্রহটির দুর্গম ও জটিল ভূখণ্ডে পথ চলতে পারবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, মঙ্গলে অভিযানের ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে সেখানে পৃথিবীর মতো পথ নির্দেশনা বা মানচিত্র তৈরির কোনো স্যাটেলাইট নেই।

এ ছাড়া, মঙ্গলে থাকা কোনো রোবট ও পৃথিবীতে থাকা প্রকৌশলীদের মধ্যে বার্তা আদান-প্রদানে ২০ মিনিটেরও বেশি সময় লেগে যায়।

গবেষকরা বলছেন, বিভিন্ন ধরনের এসব রোবট নিজেরাই সমন্বয় করে কাজ করতে পারবে ও ভিনগ্রহের প্রাণের চিহ্ন খুঁজতে মঙ্গলের পৃষ্ঠে অনুসন্ধান চালাবে।

তারা মঙ্গলের ‘ভ্যালেস মেরিনারিস’ উপত্যকায় এই রোবটের ঝাঁক পাঠাতে চান।

মঙ্গলের উপত্যকায় আকাশ ও ভূমি উভয় দিক থেকেই উপত্যকাটি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি ওই উপত্যকায় যেসব গুহা রয়েছে বলে ধারণা করা হয়, সেগুলোর ভেতরেও প্রবেশ করবে রোবটের ঝাঁক।

জার্মান মহাকাশ সংস্থার অর্থায়নে পরিচালিত ‘ভ্যামেক্স’ প্রকল্পটি ২০১২ সাল থেকে চলমান।

তবে এটা এখন উন্নয়নের চতুর্থ ধাপে পৌঁছেছে, যা বিভিন্ন রোবট পরিচালনাকারী হার্ডওয়্যার ও সফটওয়্যার ঠিক কীভাবে কাজ করবে সে বিষয়ে আরও সূক্ষ্ম ও বিস্তারিত কাজের সুযোগ তৈরি করেছে।

এই প্রকল্পের অন্যতম প্রধান একটি অংশ ‘স্কাইক্যাম’ সিস্টেম, যা আকাশের দিকে নজর রেখে বজ্রপাত, মেঘ বা শনাক্ত করা নয় এমন অস্বাভাবিক কোনো ঘটনা বা ‘ইউএপি’ সংক্রান্ত তথ্য পৃথিবীতে পাঠানোর জন্য তৈরি হয়েছে।

যেমন, আগামী বছর পর্তুগালে মঙ্গলের পরিবেশের আদলে তৈরি এক পরীক্ষামূলক অভিযান ‘অ্যামাডি-২৭’ অ্যানালগ মিশনে পাঠানোর জন্য সিস্টেমটিকে প্রস্তুত করা হচ্ছে।

গবেষকরা বলছেন, তারা এ ধরনের দুটি বা তিনটি ‘স্কাইক্যাম’ স্টেশন মঙ্গলে পাঠাতে পারবেন, যা আকাশের দৃশ্য ধারণ করার পাশাপাশি নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করবে।

এর ফলে কেবল মঙ্গলের আকাশ সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে তাই নয়, বরং ওই তথ্য ব্যবহার করে রোবট ঝাঁকের অন্যান্য সদস্যদের পথ চলতেও সহায়তা করা যাবে বলে আশা করছেন গবেষকরা।

প্রকল্পের অন্যান্য কাজের মূল লক্ষ্য এমন রোবট তৈরি করা যেগুলো মঙ্গলের মাটিতে নিজেরাই নিজেদের অবস্থান নির্ণয় করতে পারবে।

ন্যাভিগেশন স্যাটেলাইট না থাকায় গবেষকরা এমন এক ন্যাভিগেশন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন, যা তারা পর্যবেক্ষণকারী সেন্সরের তথ্যের সঙ্গে রেডিও বিকন নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া অবস্থানগত তথ্যের সমন্বয় ঘটাবে।

রেডিও বিকন এমন এক বিশেষ ধরনের ট্রান্সমিটার বা যন্ত্র, যা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান থেকে নিয়মিত বিরতিতে নির্দিষ্ট রেডিও সংকেত প্রচার করে।

দুই ধরনের তথ্য একত্র করার মাধ্যমে প্রকল্পটি এমন রোবট তৈরির আশা করছে, যেগুলো ভূপ্রকৃতি যেমনই হোক না কেন, সম্পূর্ণ নিজস্ব বুদ্ধিমত্তায় নিজেদের বর্তমান অবস্থান ও গন্তব্যের পথ নির্ণয় করতে পারবে।