২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে পিসিতে আসছে স্পাইডার-ম্যান: মাইলস মোরালস

পিসিতে প্লেস্টেশন টাইটেল সংযোজনের উঠতি তালিকায় সবশেষ নাম হবে মাইলস মোরালস। অগাস্টেই মার্ভেলের ‘স্পাইডার-ম্যান রিমাস্টার্ড’-এর পিসি সংস্করণ চালু করেছিল সনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 05:50 PM

Updated : 15 Oct 2022, 05:50 PM

পিসিতে মার্ভেলের ‘স্পাইডার-ম্যান: মাইলস মোরালস’ গেইম প্রকাশের তারিখ ঘোষণা করেছে নির্মাতা ‘ইনসোমনিয়াক গেইমস’।

বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, মার্ভেলের ‘স্পাইডার-ম্যান মাইলস মোরালস’ গেইমের পিসি সংস্করণ প্রকাশের তারিখ ১৮ নভেম্বর। আর ‘স্টিম’ ও ‘এপিক গেইমস স্টোর’ থেকে ৪৯ দশমিক ৯৯ ডলারে গেইমটি এখন প্রি-অর্ডার করতে পারবেন গেইমাররা।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সনি’র অন্যান্য গেইমের পিসি সংস্করণের মতোই নতুন এই গেইমে বেশ কিছু পিসি-ভিত্তিক ফিচার এসেছে।

সনি বলছে, ‘আল্ট্রাওয়াইড মনিটরের জন্য গেইমটি ‘পুরোপুরি অপটিমাইজ’ করা। পাশাপাশি, ‘ট্রিপল মনিটর সেটআপের’ বেলায় ‘২১:৯’, ‘৩২:৯’ এবং ‘৪৮:৯’ অ্যাসপেক্ট রেশিও সমর্থন করে এটি।

‘রে-ট্রেসড’ প্রতিফলন ব্যবস্থা চালু করে গেইমের বিভিন্ন গ্রাফিক্স কোয়ালিটি অপশন ‘নাড়াচাড়া করে দেখতে’ পারবেন ব্যবহারকারী। পাশাপাশি, এনভিডিয়ার ‘ডিএলএসএস ৩’-এর মতো উন্নত প্রযুক্তিও সমর্থন করে এটি।

গেইমটিতে একটি ‘ডুয়ালসেন্স’ কন্ট্রোলার যুক্ত করলে ‘ট্রিগার ফিডব্যাক’ ও ‘হ্যাপ্টিক রাম্বলের’ মতো বিভিন্ন কন্ট্রোলার-ভিত্তিক ফিচারের সুবিধা পাবেন ব্যবহারকারী।

কোনো ব্যবহারকারী গেইমের স্পেসিফিকেশন নিয়ে পরামর্শ চাইলে ওই ব্যবস্থাও করে রেখেছে সনি ও ইনসমনিয়াক গেইমস।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, পিসিতে প্লেস্টেশন টাইটেল সংযোজনের উঠতি তালিকায় সবশেষ নাম হবে মাইলস মোরালস। অগাস্ট মাসেই মার্ভেলের ‘স্পাইডার-ম্যান রিমাস্টার্ড’ গেইমের পিসি সংস্করণ চালু করেছিল সনি। এ ছাড়া, আগামী সপ্তাহে আসবে ‘আনচার্টেড লিগাসি অফ থিভস’ সংগ্রহ।

এখনও ‘স্টিম ডেক’-এর ভেরিফাইড তালিকায় নেই মাইলস মোরালস। তবে, ‘হ্যান্ডহেল্ড গেইমিং পিসি’-তে রিমাস্টার্ড গেইমটি ভালোভাবে কাজ করায় নতুন গেইমটিও এই তালিকায় চলে আসবে বলে অনুমান প্রকাশ করেছে ভার্জ।