২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জেটরেসার’-এর জন্য খোলা আকাশই রেসট্র্যাক

জেটরেসারের সর্বোচ্চ গতি ঘণ্টায় দু’শ থেকে আড়াইশ কিলোমিটারের মধ্যে হবে আশা করছে এর নির্মাতা কোম্পানি।

‘জেটরেসার’-এর জন্য খোলা আকাশই রেসট্র্যাক

ক্যাপশন: জেটরেসার। ছবি: জাপাটা 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 12:10 PM

Updated : 27 Dec 2022, 12:10 PM

মোটোজিপি বা ফর্মুলা ওয়ানের পিচ ঢালা রেসট্র্যাকের বদলে রেসাররা যদি জেটইঞ্জিন নির্ভর উড়ুক্কু যান নিয়ে প্রতিযোগিতায় নামেন, তবে কেমন হবে তা দেখতে?

এমন নানা প্রশ্নের জন্ম দিচ্ছে জাপাটার তৈরি ‘জেটরেসার’। ‘ফ্লাইবোর্ড’ এবং ‘ফ্লাইবোর্ড এয়ারে’র মতো অভিনব উড়ুক্কু যান বানিয়ে আলোচিত কোম্পানির এবারের পরিকল্পনা– ২০২৩ সালে ১০টি জেট ইঞ্জিন নির্ভর এবং একাই উড়তে সক্ষম নতুন উড়ুক্কু যান ‘জেটরেসার’ বাজারে আনা। 

ফ্লাইবোর্ড এবং ফ্লাইবোর্ড এয়ারের মতো বিনোদনমূলক ও অভিনব যান উদ্ভাবনের জন্য আগেই থেকেই প্রযুক্তি বাজারে আলাদা পরিচিতি আছে জাপাটার। কোম্পানিটি এখন ‘এয়ার মোবিলিটি’ বাজারে প্রবেশ করতে চাইছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। 

আর জেটরেসার কোম্পানির তৈরি বিনোদনমূলক যান আর এয়ার মোবিলিটি বাজারের মধ্যে দূরত্ব ঘোঁচাবে বলে আশা করছে জাপাটা। আকাশপথে ব্যক্তিগত পর্যায়ে ভ্রমণযানের উদীয়মান বাজারটি বিবেচিত হচ্ছে এয়ার মোবিলিটি বাজার হিসেবে। 

সিনেট জানিয়েছে, জেটরেসারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২৫ মাইল থেকে ১৫৫ মাইলের মধ্যে হবে আশা করছে এর নির্মাতা কোম্পানি। সর্বোচ্চ নয় হাজার ৮০০ ফুট উচ্চতায় ওড়ার কথা রয়েছে যানটির।

তবে, যানটির কার্যক্ষমতা নিয়ে এখনও পরীক্ষা চালাচ্ছে জাপাটা, প্রয়োজনমতো খুঁটিনাটি পরিবর্তন আনছে কোম্পানিটি। তাই, জেটরেসারের বাণিজ্যিক সংস্করণের ফিচারে আরও কিছু পরিবর্তন আসবে, সেটা ধরে নেওয়া যায়।

জাপাটার দাবি, জেটরেসারের ১০টি ইঞ্জিনের মধ্যে দুটি বন্ধ হয়ে গেলেও উড়তে পারবে যানটি।

প্রথম দেখায় জেটরেসার বাহ্যিক নকশা দর্শকের ঘাবড়ে যাওয়ার মত মনে হলেও জাপাটার পণ্য উদ্ভাবন বিভাগের প্রধান কর্মকর্তা জুলস বার্কলারের ভাষ্যে, “এটা ওড়ানো আসলে বেশ সহজ।”

আর যানটি সহজে ওড়ানোর সুবিধার মূলে রয়েছে এর ‘বিল্ট-ইন ফ্লাইট কন্ট্রোলার’। সিনেট লিখেছে, প্রতিকূল আবহাওয়াতেও জেটরেসারকে স্থিতিশীল রাখা, যানটিকে স্বচালনায় সক্ষমতা দেওয়া এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর বিষয়গুলো মাথায় রেখে ‘বিল্ট-ইন ফ্লাইট কন্ট্রোলার’ বানিয়েছে এর নির্মাতা।

Image

ক্যাপশন: জেটরেসার। ছবি: জাপাটা 

কোথায় যেতে হবে, জেটরেসারে সে ইনপুট দেবেন পাইলট; আর পাইলটকে সেই গন্তব্যে কিভাবে নিয়ে যাবে তা নির্ধারণ করবে জেটরেসারের ফ্লাইট কন্ট্রোলার। 

২০২৩ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে জেটরেসারের অভিষেক পরিকল্পনা করেছে জাপাটা। অদূর ভবিষ্যতে স্থায়ী ফ্লাইট সেন্টার খোলার পরিকল্পনা করছে কোম্পানিটি; যেখানে জেটস্কি বা এটিভির মত বিনোদনমূলক যান ভাড়া নেওয়ার মতো একই প্রক্রিয়ায় জেটরেসারও ভাড়া নেওয়া যাবে।

জেটরেসারের পরবর্তী সংস্করণ ‘এয়ার স্কুটার’ নিয়েও কাজ করছে জাপাটা। বার্কলার জানিয়েছেন, উড়ুক্কু যানটির আকাশে ওড়ার সময়সীমা দীর্ঘায়িত করতে হাইব্রিড ইঞ্জিন থাকবে এতে। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে বাজারে অভিষেক হতে পারে এয়ার স্কুটারের।