বিজ্ঞাপন দৌড়ে ফেইসবুক-গুগলের সঙ্গে দূরত্ব কমছে অ্যাপলের
গবেষণায় উঠে এসেছে, ২০২১ সালে আইওএস অপারেটিং সিস্টেমের প্রাইভেসি সেটিংসে পরিবর্তনে সবচেয়ে লাভ হয়েছে অ্যাপলের নিজস্ব বিজ্ঞাপন ব্যবসার।
অনলাইন বিজ্ঞাপন খাতে দীর্ঘদিন একচ্ছত্র আধিপত্য চালিয়েছে দুই প্রযুক্তি জায়ান্ট গুগল ও ফেইসবুক। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, ডিজিটাল বিজ্ঞাপন খাতে দখল হারাচ্ছে ওই দুই প্রতিষ্ঠান, আর উপস্থিতি বাড়ছে অ্যাপলের।
বিজ্ঞাপনী বাজারের অ্যাপলের এ অগ্রগতির খবর উঠে এসেছে বাজার বিশ্লেষক কোম্পানি ‘অ্যাপজিউমার’-এর গবেষণা থেকে, মঙ্গলবারেই প্রকাশ পেয়েছে প্রতিবেদনটি।
একশ’র বেশি অ্যাপ নির্মাতা কোম্পানির অনলাইন বিজ্ঞাপনের বাজেট বিশ্লেষণ করে ওই গবেষণা প্রতিবেদন বানিয়েছে অ্যাপজিউমার।
বাজার বিশ্লেষক কোম্পানিটির গবেষণায় উঠে এসেছে, ২০২১ সালে আইওএস অপারেটিং সিস্টেমের গোপনতা নীতিমালা পরিবর্তনে সবচেয়ে লাভ হয়েছে অ্যাপলের নিজস্ব বিজ্ঞাপন ব্যবসার। অন্যদিকে, ব্যবহারকারীদের অনলাইন কর্মকাণ্ডের ওপর নজর রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে ফেইসবুকের মতো কোম্পানিগুলোর।
অ্যাপলের অ্যাপস্টোরের মাধ্যমে অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতে পারনে আগ্রহীরা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় বিজ্ঞাপনদাতাদের অ্যাপলের বিজ্ঞাপনী প্রক্রিয়ায় অংশগ্রহণের হার বেড়েছে চার শতাংশ। একই সময়ে ফেইসবুকের ওপর বিজ্ঞাপনদাতাদের নির্ভরতা কমেছে তিন শতাংশ; আর গুগলের ক্ষেত্রে এ হার দুই শতাংশ।
অ্যাপজিউমারের গবেষণার তথ্য অনুযায়ী, বিজ্ঞাপনদাতাদের পছন্দের বিবেচনায় অ্যাপল ও গুগলের অবস্থান এখন সমানে-সমান।
অ্যাপল এখন ‘বিজ্ঞাপনদাতাদের পছন্দের বিবেচনায় ফেইসবুক ও গুগলের ডুওপলিতে যোগ দিয়ে’ শীর্ষ অবস্থানের দিকে এগোচ্ছে বলে প্রতিবেদনে বলেছে অ্যাপজিউমার।
অ্যাপজিউমারের মহাব্যবস্থাপক শুমেল লাইসের মতে, ডিজিটাল বিজ্ঞাপন খাতে অ্যাপলের এ অগ্রগতির অন্যতম কারণ হচ্ছে অ্যাপ নির্মাতারা আর ডাউনলোডের সংখ্যা বাড়াতে বড় অংকের খরচে কার্পণ্য করছেন না। একই সঙ্গে অ্যাপলের ‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) আপডেটের কারণে ফেইসবুকের মতো বিজ্ঞাপন নির্ভর অ্যাপগুলো বিভিন্ন ব্র্যান্ডকে বিজ্ঞাপনী প্রচারণা চালাতে যে পরিমাণ তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতো, তার আকারও ছোট হয়ে এসেছে।
“একটা কৌতুহলউদ্দীপক বিষয় হচ্ছে সার্বিক নেটওয়ার্কের ওপর আরোপ করা এটিটি সীমাবদ্ধতার প্রভাব অ্যাপলের ওপর একই ভাবে পড়ছে না। তাই আপনি চাইলে বলতে পারেন যে আইওএসের অন্যান্য চ্যানেলগুলো জুড়ে অ্যাপল কিছুটা হলেও বেশি দৃশ্যমান,” বলে মন্তব্য করেছেন লাইস।
অনলাইনের বিজ্ঞাপন খাতে অ্যাপলের এই উত্থান ই-কমার্স খাতে অ্যামাজনের অবস্থানকে প্রতিফলিত করছে বলে মন্তব্য করেছে যুুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
তবে অনলাইন বিজ্ঞাপনখাতে অ্যাপ নির্মাতারা যা খরচ করছে তার সবটা বিবেচনায় নিলে গুগল এখনও শীর্ষস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। অ্যাপ নির্মাতাদের খরচ করা অর্থের ৩৪ শতাংশ যাচ্ছে গুগলের হাতে, ফেইসবুক পাচ্ছে ২৮ শতাংশ এবং অ্যাপল পাচ্ছে ১৫ শতাংশ।
