২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চীনে এআই বাড়াতে ক্লাউডে পণ্যের দাম কমাচ্ছে আলিবাবা

এআই খাতে কম্পিউটিং, স্টোরেজ ও নেটওয়ার্কিংয়ের ব্যাপক ক্ষমতা দরকার, এ কারণেই এআইয়ের প্রসার বাড়াতে ক্লাউড পরিষেবা প্রয়োজন।

চীনে এআই বাড়াতে ক্লাউডে পণ্যের দাম কমাচ্ছে আলিবাবা

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2024, 03:30 PM

Updated : 01 Mar 2024, 07:02 PM

বিভিন্ন ক্লাউড পণ্যের দাম অন্তত ৫৫ শতাংশ কমাচ্ছে চীনের ই-কমার্স কোম্পানি ‘আলিবাবা ক্লাউড’। চীনে এআই ব্যবহারের গতি বাড়াতে এ পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি।

গেল বৃহস্পতিবার আলিবাবা ক্লাউড বিজনেস বিষয়টি জানিয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

“বর্তমানের এআইয়ের যুগে ‘ক্লাউড সুবিধাকে আরও সহজলভ্য করে তোলাই’ এ পদক্ষেপের লক্ষ্য,” বলেছে কোম্পানিটি।

দাম কমানোর বিষয়টি বৃহস্পতিবার থেকে কার্যকর হবে ও ১০০ টিরও বেশি পণ্যের জন্য প্রযোজ্য হবে বলে উঠে এসেছে প্রতিবেদনে৷

“চীন ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে বড় ক্লাউড পরিষেবা হিসাবে, চীনের ডিজিটাল বাজারে অসাধারণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা,” বলেছেন আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্সের বিভাগের পাবলিক ক্লাউড বিজনেস-এর প্রেসিডেন্ট লিউ ওয়েইগুয়াং।

“এ কারণেই চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য আমরা ক্লাঊড পরিষেবার দাম কমানোর ক্যাম্পেইন চালু করছি যাতে তারা এখান থেকে দ্রুত ভালো মানের ক্লাউড পরিষেবা পেতে পারেন ও এ প্রযুক্তি থেকে লাভবান হন।” – বলেছেন লিউ।

২০২২ সালের নভেম্বরে ওপেনএআই নিজেদের চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ চালু করার পর থেকেই জেনারেটিভ এআইয়ে সকলের আগ্রহ ও বিনিয়োগ বেড়েছে।

দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এ প্রযুক্তি প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে বলে ২০২৩ সালের নভেম্বরে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ব্যাখ্যা করেছে পরামর্শক কোম্পানি ম্যাককিনসি।

“এর একটি উপায় হতে পারে ক্লাউড ব্যবহার করে জেনারেটিভ এআইয়ের উদ্যোগ সমর্থন করা। এআই খাতে কম্পিউটিং, স্টোরেজ ও নেটওয়ার্কিংয়ের ব্যাপক ক্ষমতা দরকার, এ কারণেই এআইয়ের প্রসার বাড়াতে ক্লাউড পরিষেবা প্রয়োজন। জেনারেটিভ এআইয়ের জটিলতার কারণে, কোনো ব্যক্তি বা দলের পরিচালিত উদ্যোগের বদলে এটি বাস্তবায়িত হতে হবে কোনো প্রতিষ্ঠিত ক্লাউড পরিষেবা প্ল্যাটফর্মের মাধ্যমে।” – বলেছেন ম্যাককিনসি’র বিশ্লেষকরা।

বাজার বিশ্লেষক কোম্পানি ক্যানালিসের তথ্য অনুসারে, বিভিন্ন এআই অ্যাপ্লিকেশনের ব্যাপক জনপ্রিয়তার কারণে ২০২৪ সালের বৈশ্বিক ক্লাউড পরিষেবা ব্যয় ২০ শতাংশ বাড়বে।

“বড় ক্লাউড পরিষেবা কোম্পানিগুলো ক্রমাগতভাবে জেনারেটিভ এআই-তে বিনিয়োগ বাড়াচ্ছে এ আশায় যে, এর ক্ষমতা পুরোপুরি ব্যবহার করা গেলে ক্লাউড ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন হবে।” – বলেছে ক্যানালিস।