টুইটারের ‘বাণিজ্যিক অস্তিত্ব’ই ডরসির সবচেয়ে বড় খেদ
টুইটারের আদতে একটি ‘প্রোটোকল’ হওয়া উচিত এবং কোনো দেশ বা অন্য কোনো কোম্পানির মতো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারীর অধীনে থাকা উচিত নয় বলে মত এই সহপ্রতিষ্ঠাতার।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের বাণিজ্যিক অস্তিত্ব নিয়ে অনুশোচনায় ভুগছেন জ্যাক ডরসি। প্ল্যাটফর্মটি কোনো কেন্দ্রীয় মালিকানার অধীনে না থেকে এর ভূমিকা ইমেইলের মতো সেবা প্রটোকল ধাঁচের হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা এবং দুইবারের প্রধান নির্বাহী।
ডরসি বৃহস্পতিবারেই টুইট করেছেন, টুইটারের একটি বাণিজ্যিক কোম্পানিতে পরিণত হওয়াই তার জন্য সবচেয়ে বড় অনুতাপের কারণ।
ডরসি প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ যেভাবে কল্পনা করেছিলেন তেমনটাই হয়েছে কি না– প্রযুক্তি উদ্যোক্তার কাছে এ প্রশ্ন তুলেছিলেন তার টুইটার অনুসারীরা।
উত্তরে তিনি টুইট করেছেন, “সবচেয়ে বড় সমস্যা এবং আমার সবচেয়ে বড় অনুশোচনার বিষয় হচ্ছে যে এটি একটি কোম্পানিতে পরিণত হয়েছে।”
রয়টার্স জানিয়েছে, ইলন মাস্কের সঙ্গে টুইটারের প্রাথমিক সমঝোতা অনুযায়ী মালিকানার হাতবদল হলে কোম্পানির শেয়ারমালিক হিসেবে ৯৭ কোটি ৮০ লাখ ডলার যাবে ডরসির পকেটে।
টুইটারের পরিচালনা কাঠামো কেমন হওয়া উচিত বলে মনে করেন– ডরসির কাছে এ প্রশ্নও তুলেছিলেন তার টুইটার অনুসারীরা। উত্তরে ডরসি বলেছেন, টুইটারের আদতে একটি ‘প্রোটোকল’ হওয়া উচিত এবং কোনো দেশ বা অন্য কোনো কোম্পানির মতো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারীর অধীনে থাকা উচিত নয়।
প্রোটোকল হিসেবে প্রযুক্তি সেবার বাজারে টুইটারের উপস্থিতি হতো ইমেইল সেবার মতোই। ইমেইল সেবা কোনো কেন্দ্রীয় শক্তি নিয়ন্ত্রণ করে না। ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন সেবাদাতার ইমেইল সেবা ব্যবহার করলেও একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই।
নিজের প্রতিষ্ঠিত কোম্পানিটি নিয়ে ডরসি অনুশোচনার কথা বললেন এমন এক সময়ে যখন নানা কারণে বিপাকে আছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি।
চার হাজার চারশ কোটি ডলারে কোম্পানির সকল শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। মালিকানা হাতবদলের প্রস্তাব নিয়ে প্রাথমিক পর্যায়ে টেসলা প্রধানের সঙ্গে টুইটারের সমঝোতা চুক্তি হলেও এখন সে চুক্তি থেকে বেরিয়ে আসছে চাইছেন তিনি।
অন্যদিকে, অগাস্টের শেষ সপ্তাহে তথ্য ফাঁসকারী হিসেবে আত্মপ্রকাশ করেছেন কোম্পানির সাবেক নিরাপত্তা প্রধান পিটার জাটকো। কোম্পানিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি, ঘটনা গড়িয়েছে মার্কিন সিনেট পর্যন্ত।
