২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআইয়ের দৌড়ে এগিয়ে থাকতে বড় বিনিয়োগে আগ্রহী অ্যাপল

অ্যাপল এআইয়ে বিনিয়োগ দ্রুত বাড়াচ্ছে। টিম কুকের ভাষায়, “আমরা বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছি। জুন প্রান্তিকে করেছি, সেপ্টেম্বর প্রান্তিকেও করব।”

এআইয়ের দৌড়ে এগিয়ে থাকতে বড় বিনিয়োগে আগ্রহী অ্যাপল
গত বছরের তুলনায় ১০ শতাংশ আয় বেড়েছে অ্যাপলের। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

এআই জগতে নিজেদের অবস্থান পোক্ত করার জন্য মোটা অংকের বিনিয়োগে আগ্রহী টেক জায়ান্ট অ্যাপল। চলতি বছরের তৃতীয় প্রন্তিকের আয় প্রকাশের সময় এমনই আভাস দিলেন কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুক। 

আর্থিক প্রতিবেদন প্রকাশের আয়োজনে বড় ধরনের অধিগ্রহণ বা নতুন কোনো উদ্যোগের ঘোষণা দেওয়ার রেওয়াজ নেই অ্যাপলের। তবে, সিইও টিম কুকের বক্তব্যে এটি স্পষ্ট যে, নতুন প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে কুপার্টিনোভিত্তিক এই জায়ান্ট।

এদিকে গত বছরের তুলনায় আয় ১০ শতাংশ বেড়েছে অ্যাপলের।  

অ্যাপলের প্রধান নির্বাহী বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) আমরা উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ বাড়াতে যাচ্ছি। অ্যাপল সবসময়ই এমন কোম্পানি অধিগ্রহণে প্রস্তুত, যারা আমাদের এআই প্রযুক্তিকে আরও উন্নত করতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা কোনো নির্দিষ্ট আকারের কোম্পানিকে লক্ষ্য করে এগোই না। চলতি বছর যেসব প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছি, সেগুলো ছিল ছোট। তবে ভবিষ্যতে বড় কোম্পানি কিনতেও আমরা প্রস্তুত।”

টিম কুক আরও বলেন, এ বছর অ্যাপল প্রায় সাতটি কোম্পানি কিনেছে, যদিও এ সবগুলো কোম্পানি এআইকেন্দ্রিক নয়। 

এর আগেও টিম কুক বলেছিলেন, অ্যাপল সবসময় বিভিন্ন আকারের কোম্পানি অধিগ্রহণের বিষয়টি বিবেচনায় রাখে।

অ্যাপলের সবচেয়ে বড় অধিগ্রহণ ছিল ২০১৪ সালে—তখন তারা তিনশ’ কোটি ডলারে বিটস ইলেকট্রনিক্স কিনে নেয়।

ওয়াল স্ট্রিট থেকে অ্যাপলের ওপর যখন সিলিকন ভ্যালির প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাপ বাড়ছে ঠিক তেমন মুহুর্তেই কুক এ বক্তব্য দিলেন।  

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগে সবচেয়ে বেশি খরচ করা কোম্পানি কখনোই ছিল না অ্যাপল। চলতি বছরের জুন প্রান্তিকে অ্যাপল দীর্ঘমেয়াদী বিনিয়োগে খরচ করেছে তিনশ ৪৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের দুইশো ১৫ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গেল ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকের পর এটি অ্যাপলের সবচেয়ে বড় বিনিয়োগ। 

যদি অ্যাপল এ প্রন্তিকের হারে পুরো বছর ব্যয় করে, তবে, বছরেশেষে অ্যাপলের এমন বিনিয়োগ গিয়ে দাঁড়াবে প্রায় এক হাজার চারশ কোটি ডলারে।

তবে এ ব্যয় প্রতিযোগীদের তুলনায় অনেক কম। গুগল গত সপ্তাহে তাদের ২০২৫ অর্থবছরের জন্য সাড়ে আট হাজার কোটি ডলার ব্যায়ের পূর্বাভাস দিয়েছে। মেটা বছরে সর্বোচ্চ সাত হাজার দুইশ কোটি ডলার ও মাইক্রোসফট চলতি প্রান্তিকের জন্য তিন হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে।  

অ্যাপল এআইয়ে বিনিয়োগ দ্রুত বাড়াচ্ছে। টিম কুকের ভাষায়, “আমরা বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছি। জুন প্রান্তিকে করেছি, সেপ্টেম্বর প্রান্তিকেও করব।”

কুকের ভাষ্যমতে, কোম্পানির ভেতরে কর্মীদের নতুনভাবে দায়িত্ব বণ্টণ করা হচ্ছে যাতে তারা এআই ফিচার উন্নয়নে বেশি মনোযোগ দিতে পারে। তিনি বলেন, “অনেক কর্মীকে এআই প্রকল্পে আনা হচ্ছে। দুর্দান্ত একটি দল আছে এবং আমরা সব সক্ষমতা এই কাজে দিচ্ছি।”

গুগল ও মাইক্রোসফটের মতো অ্যাপলের ক্লাউড ব্যবসা নেই যেখানে এআই হার্ডওয়্যার ভাড়ায় দেওয়া হয়। অ্যাপলের প্রধান অর্থ কর্মকর্তা কেভান পারেখের মতে, কোম্পানি দীর্ঘমেয়াদী বিনিয়োগে একটি “হাইব্রিড মডেল” অনুসরণ করে। এই মডেলে পার্টনারদের মাধ্যমে প্রয়োজনীয় সিস্টেম ব্যবহার করা হয় এবং তা বছরওয়ারী খরচের হিসাবে চলে যায়।

কোম্পানির কিছু ব্যয় নিজেদের তৈরি চিপ ব্যবহার করে সার্ভার তৈরিতে ব্যবহার হবে। অ্যাপল একে প্রাইভেট ক্লাউড কম্পিউট নাম দিয়েছে এবং এতে এনভিডিয়ার মতো বাইরের কোম্পানির তৈরি চিপ ব্যবহার করা হবে না।

পারেখ বলছেন, বর্তমানে যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে তার একটি বড় অংশ এআই-সংক্রান্ত বিনিয়োগের ফল।

আইফোন ব্যবসার জন্য নতুন এআই-চালিত ডিভাইসগুলোকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখছেন না অ্যাপল প্রধান টিম কুক। তিনি বলেন, “এমন একটি বিশ্ব কল্পনা করা কঠিন যেখানে আইফোন থাকবে না। অবশ্যই এর মানে এমন না যে, আমরা অন্য কিছু ভাবছি না। তবে এই নতুন ডিভাইসগুলো সম্ভবত আইফোনের পরিপূরক হবে, বিকল্প নয়।”

প্রসঙ্গত, অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান জনি আইভ মে মাসে ওপেনএআই-এর সঙ্গে সাড়ে ছয়শ কোটি ডলারের একটি চুক্তি করেছেন, যদিও তাদের পরিকল্পিত পণ্য কী হবে বা কী দামে আসবে, তা এখনও প্রকাশ করা হয়নি।

বিনিয়োগকারী ও বিশ্লেষকদের উদ্দেশ্যে কুক স্পষ্ট করেছেন যে অ্যাপলের একটি স্পষ্ট এআই কৌশল আছে এবং সেটি কার্যকর করা হচ্ছে। তার ভাষায়, “আমাদের লক্ষ্য হলো এআই ফিচারগুলোকে এমনভাবে প্ল্যাটফর্ম জুড়ে যুক্ত করা যাতে তা ব্যক্তিগত, নিরাপদ ও ব্যবহারকারীর অভিজ্ঞতার সঙ্গে পুরোপুরি মিশে যায়।”

অ্যানথ্রপিক ও ওপেনএআই-এর মতো কোম্পানির প্রধান এআই প্রযুক্তি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ভবিষ্যতে সবার জন্য সাধারণ প্রযুক্তি হয়ে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে কুক কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, কোম্পানির কৌশলের কিছু দিক এখনই প্রকাশ করা হচ্ছে না।

“এআই আমাদের জীবদ্দশার অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এটি প্রতিটি ডিভাইসে বড় ধরনের প্রভাব ফেলবে”, মন্তব্য করেন কুক।