Published : 05 Sep 2025, 10:49 AM
হোয়াইট হাউসে নতুনভাবে সাজানো রোজ গার্ডেনের এক উদ্বোধনী অনুষ্ঠানে দুই ডজনেরও বেশি নামকরা প্রযুক্তি ও ব্যবসা খাতের প্রধানদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। ওই কর্মকর্তার দেওয়া তালিকা অনুসারে, আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা প্রধান মার্ক জাকারবার্গ, অ্যাপলের সিইও টিম কুক, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলাদা এক অনুষ্ঠানের আয়োজন করবেন ফার্স্ট লেডি মেলানিয়া। সেই অনুষ্ঠানের পর রাতে নৈশভোজের মাধ্যমে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রধানদের সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
বৈঠক থেকে ইঙ্গিত মেলে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সম্পর্ক খুব ঘনিষ্ঠ হলেও তা সহজ নয়, বরং কিছুটা জটিল ও টানাপোড়েনে ভরা।
সিএনবিসি লিখেছে, ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন অনেক প্রযুক্তি প্রধানই। প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশও নিয়েছেন তারা। সেইসব অনুষ্ঠানে তারা এমন উদ্যোগের ঘোষণা দিয়েছেন, যা উদীয়মান প্রযুক্তি ও আমেরিকায় উৎপাদন ফিরিয়ে আনার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের লক্ষ্যকে সমর্থন করে।
অনুষ্ঠানে আরও যেসব বড় প্রযুক্তি নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান, গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন, পালান্টিরের প্রযুক্তি প্রধান শ্যাম শংকর এবং এআই স্টার্টআপ ‘স্কেল এআই’-এর প্রতিষ্ঠাতা ও মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা দলের প্রধান আলেক্সান্ডার ওয়াং।
গুগলের সিইও সুন্দার পিচাই, মাইক্রোসফটের সাত্যিয়া নাদেলা, ওরাকল কোম্পানির প্রধান সফরা ক্যাটজ ও ‘মাইক্রন টেকনোলজি’র ডেভিড লিম্পকেও আমন্ত্রণ জানানো হয়েছে রোজ গার্ডেনের এ অনুষ্ঠানে।
প্রত্যাশিতভাবেই এ অনুষ্ঠানে থাকবেন হোয়াইট হাউসের ক্রিপ্টো ও এআই বিষয়ক প্রধান ডেভিড স্যাকস।
‘শিফট৪’-এর প্রতিষ্ঠাতা জ্যারেড আইজ্যাকম্যানেরও এ অনুষ্ঠানে আসার সম্ভাবনা রয়েছে। তবে জুনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান পদের জন্য তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন ট্রাম্প।
তবে এ আমন্ত্রণ তালিকায় নেই টেসলা সিইও এবং স্পেসএক্স প্রধান মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এর আগে, ট্রাম্প প্রশাসনের বিশেষ সরকারি কর্মী হিসেবে কাজ করেছিলেন মাস্ক। তবে পরে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপ হয় মাস্কের এবং একে অপরের সঙ্গে প্রকাশ্য মতবিরোধেও জড়িয়ে পড়েন তারা।