১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যবহারকারীর মানসিক সংকট স্বজনদের জানাবে ওপেনএআই

বিভিন্ন এআই টুল মানুষকে সাইকোসিস ও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে– এমন ক্রমাগত উদ্বেগের প্রেক্ষাপটে এ নতুন আপডেটটি আনছে ওপেনএআই।

ব্যবহারকারীর মানসিক সংকট স্বজনদের জানাবে ওপেনএআই
এআইয়ের ব্যবহারে মানুষের মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওপেনএআই এ পদক্ষেপ নিয়েছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 01:34 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

মানসিক স্বাস্থ্য সংকটে থাকা ব্যবহারকারীদের সুরক্ষায় নতুন ফিচার চালু করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।

‘ট্রাস্টেড কনটাক্ট’ নামের নতুন ফিচারের মাধ্যমে কোনো ব্যবহারকারী চ্যাটজিপিটি’র সঙ্গে আলাপকালে আত্মক্ষতি বা নিজের জীবনাবসানের ইঙ্গিত দিলে তার মনোনীত বন্ধু বা পরিবারের সদস্যের কাছে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পৌঁছে যাবে।

এআইয়ের ব্যবহারে মানুষের মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওপেনএআই এ পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

এ ঐচ্ছিক ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এমন একজনকে মনোনীত করতে পারবেন, যাকে স্বয়ংক্রিয়ভাবে জানানো হবে যদি ব্যবহারকারী এ এআই চ্যাটবটটির সঙ্গে আত্মক্ষতি বা নিজের জীবনাবসানের বিষয়ে আলোচনা শুরু করেন।

চ্যাটজিপিটি’র মতো বিভিন্ন এআই টুল মানুষকে উন্মাদনা, সাইকোসিস ও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে– ক্রমাগত এমন উদ্বেগের প্রেক্ষাপটে এ নতুন আপডেটটি এনেছে ওপেনএআই।

গেল বছর ওপেনএআই বলেছিল, চ্যাটজিপিটি’র নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে ০.০৭ শতাংশ মানুষ ‘সাইকোসিস বা উন্মাদনাজনিত মানসিক স্বাস্থ্য জরুরি অবস্থা’র লক্ষণ দেখিয়েছেন।

সাপ্তাহিক প্রায় ৯০ কোটি সক্রিয় ব্যবহারকারীর হিসেবে এ সংখ্যাটি দাঁড়ায় পাঁচ লাখ মানুষের সমান। আরও ০.১৫ শতাংশ ব্যবহারকারী, অর্থাৎ প্রায় ১৩ লাখ মানুষ আত্মক্ষতি বা নিজের জীবনাবসানের ঝুঁকির কথা প্রকাশ করেছেন।

ব্যবহারকারীর আচরণের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ শনাক্ত করতে এ সর্বশেষ ফিচারটি চ্যাটজিপিটি’র স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করে।

পরবর্তীতে, বিশেষভাবে প্রশিক্ষিত একটি দল এসব চ্যাটিং হিস্ট্রি বা আলাপ পর্যালোচনা করেন এবং কোনো ‘ট্রাস্টেড কনটাক্ট’ বা বিশ্বস্ত ব্যক্তিকে বিষয়টি জানানো প্রয়োজন কি না সেই সিদ্ধান্ত গ্রহণ করেন।

‘আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আর্থার ইভান্স বলেছেন, “মনোবিজ্ঞানে ধারাবাহিকভাবে প্রমাণ মিলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম শক্তিশালী সুরক্ষাকবচ হিসেবে কাজ করে, বিশেষ করে আবেগীয় সংকটের মুহূর্তগুলোতে।

“ব্যবহারকারীর পছন্দ ধরে রেখে আগেভাগেই একজন বিশ্বস্ত ব্যক্তিকে নির্দিষ্ট করে রাখতে পারলে প্রয়োজনের সময় বাস্তব জগতের সহায়তা পাওয়া অনেক সহজ হয়ে যায়।”

এ ‘ট্রাস্টেড কনটাক্ট’ ফিচারটি সুরক্ষা ব্যবস্থার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে, যার মধ্যে বর্তমানে কোনো ব্যবহারকারী সংকটে আছেন বলে ইঙ্গিত মিললে তাকে স্থানীয় হেল্পলাইন সংক্রান্ত তথ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে।