২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এআই ক্যাম্পাস খোলার ঘোষণা দিল ইম্পেরিয়াল কলেজ

এ ভবনে গবেষণা ও ল্যাবরেটরি সুবিধার পাশাপাশি ক্যাফে ও প্রদর্শনী এলাকার মতো জনসাধারণ ব্যবহারের স্থানও থাকবে।

এআই ক্যাম্পাস খোলার ঘোষণা দিল ইম্পেরিয়াল কলেজ
১৯০৭ সালে প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল কলেজের প্রধান ক্যাম্পাস সাউথ কেনসিংটনে অবস্থিত। ছবি: ইম্পেরিয়াল কলেজ

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

পশ্চিম লন্ডনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক এক আধুনিক একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে লন্ডনের সুপরিচিত ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজ লন্ডন।

বর্তমানে একটি ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে পরামর্শ বা মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইম্পেরিয়াল কলেজ। এ ভবনে গবেষণা ও ল্যাবরেটরি সুবিধার পাশাপাশি ক্যাফে ও প্রদর্শনী এলাকার মতো সাধারণ মানুষ ব্যবহারের স্থানও থাকবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

প্রস্তাবিত এ ভবনটি যুক্তরাজ্যের হোয়াইট সিটি শহরে ইম্পেরিয়াল কলেজের ক্যাম্পাস উন্নয়নের বড় পরিকল্পনারই একটি অংশ।

কলেজটি বলেছে, ‘কম্পিউটার বিজ্ঞানী, গণিতবিদ ও ব্যবসা বিশেষজ্ঞদের একসঙ্গে করে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মেশিন লার্নিংয়ের জন্য এক শক্তিশালী কেন্দ্র হিসেবে কাজ করবে’ নতুন ভবনটি।

২০১৯ সালে এ স্থানের জন্য প্রাথমিক নির্মাণ কাজের অনুমোদন দিয়েছিল যুক্তরাজ্যের হ্যামারস্মিথ ও ফুলহ্যাম কাউন্সিল। ফলে কলেজটির জন্য গবেষণাগার, আবাসন ও একটি হোটেলসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের দ্বার খুলেছিল।

জনসাধারণের মতামত গ্রহণের এ পরামর্শ প্রক্রিয়া ২৬ অক্টোবর পর্যন্ত চলবে এবং এ বছরের শেষ দিকে হ্যামারস্মিথ ও ফুলহ্যাম কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক নির্মাণ আবেদন জমা দেবে ইম্পেরিয়াল কলেজ।

অনুমোদন পেলে ভবনটির নিচতলা ও প্রথম তলা ক্যাম্পাসের ব্যবহারকারী এবং স্থানীয় সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

ধারণা করা হচ্ছে, ভবনটির নির্মাণ কাজ শুরু হবে ২০২৬ সালের মাঝামাঝি এবং এর কাজ শেষ হবে ২০২৯ সালে।

ইম্পেরিয়ালকে বলা হয় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষায়তন, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা ও ব্যবসায়িক বিষয় নিয়ে বিশেষভাবে মনোযোগ দেয় বিশ্ববিদ্যালয়টি।

১৯০৭ সালে প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল কলেজের প্রধান ক্যাম্পাস সাউথ কেনসিংটনে।