২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইভি’র শুল্ক নিয়ে আলোচনায় চীন ও ইউরোপ

ইউরোপীয় ইউনিয়ন চীনে তৈরি বিদ্যুচ্চালিত গাড়ির ওপর ৩৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই প্রথম দুই পক্ষ বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে আলোচনায় বসল।

ইভি’র শুল্ক নিয়ে আলোচনায় চীন ও ইউরোপ
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 06:02 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

চীনে তৈরি করা বিদ্যুচ্চালিত গাড়ির দাম শিথিল করতে ইউরোপে এর আমদানি শুল্ক নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে উভয় পক্ষই।

শনিবার এক বৈঠকে এ শুল্ক নিয়ে কথা বলেছেন অঞ্চল দুটির শীর্ষ কর্মকর্তারা। তবে এ বিষয়ে তারা ভবিষ্যতেও আলোচনা করতে রাজি হলেও এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

ইউরোপীয় ইউনিয়ন চীনে তৈরি বিদ্যুচ্চালিত গাড়ির ওপর ৩৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই প্রথম দুই পক্ষ বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে আলোচনায় বসল।

ইইউ’র দাবি, বিভিন্ন চীনা ইভি কোম্পানিকে অন্যায্য উপায়ে ভর্তুকি দিয়ে আসছিল দেশটির সরকার। এর বিপরীতে, ইইউ’র বিরুদ্ধে সুরক্ষাবাদ এবং বাণিজ্যিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছে চীন।

ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার ভালদিস ডমব্রভকিস ও চীনের বাণিজ্য মন্ত্রী ওয়ান ওয়েন্তাওর মধ্যে হওয়া বৈঠক নিয়ে ইইউ’র এক মুখপাত্র বিবিসি’কে বলেছেন, তাদের আলোচনা খুবই ‘অকপট ও গঠনমূলক’ ছিল।

তারা বলেছেন, আসন্ন সপ্তাহগুলোয় উভয় পক্ষই এ বিষয়ে সর্বস্তরের আলোচনা অব্যাহত রাখবে।

তবে, চীনা ইভি শিল্পের অর্থায়ন ব্যবস্থা নিয়ে ইইউ’র আপত্তি থাকার বিষয়টিও জোর দিয়ে বলেছেন ওই মুখপাত্র।

তারা বলেছেন, প্রস্তাবিত শুল্ক ‘নিষ্পত্তিতে ফলাফল যাই হোক না কেন’, এতে চীনা ইভি শিল্পের ওপর ভর্তুকি ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলতে হবে।

শনিবার একই ধরনের বিবৃতি প্রকাশ করেছে চীন, যেখানে তারা স্পষ্ট করেছে, তারা ইইউ’র এ অবস্থানের সঙ্গে একমত নয়।

ইইউ’র সঙ্গে বৈঠক করার পাশাপাশি শনিবার জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থ ও জলবায়ু মন্ত্রী রবার্ট হ্যাবেকের সঙ্গেও দেখা করেছেন ওয়েন্তাও।

এ বৈঠক সম্পর্কে এক ফেইসবুক পোস্টে চীনা বাণিজ্য মন্ত্রী বলেছেন, ইইউ’র শুল্ক নিয়ে চীনের ‘তীব্র আপত্তি’ থাকার বিষয়টি তিনি হ্যাবেককে জানিয়েছেন।

এ ছাড়া, ‘নিজেদের ন্যায্য অধিকার ও স্বার্থের’ পক্ষে লড়াই করতে ‘ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও)’র কাছে মামলা করার হুমকিও পুনরায় ব্যক্ত করেন তিনি।

এদিকে, জার্মানিও এ শুল্ক আরোপের হুমকি নিয়ে সমালোচনা করেছে।

গত সপ্তাহে চীনের ইভি শিল্প নিয়ে তদন্ত করার পর ইইউ যখন প্রথম এই শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছিল, তখন জার্মানির পরিবহন মন্ত্রী ভলকার উইসিং বলেন, এমন পদক্ষেপে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরুর ঝুঁকি আছে।

“ইউরোপীয় কমিশনের এমন শাস্তিমূলক শুল্ক আরোপের প্রভাব দেখা গেছে বিভিন্ন জার্মান কোম্পানি ও তাদের সেরা পণ্যগুলোর ওপর,” সে সময় এক্স-এ লেখেন তিনি।

এদিকে, ইউরোপীয় গাড়ি শিল্পও এ বিষয় নিয়ে সমালোচনা করেছে। 

‘সিথোয়েন’, ‘পাঁজও’, ‘ভক্সহল’, ‘ফিয়াট’সহ বেশ কিছু গাড়ির ব্র্যান্ডের মালিক কোম্পানি স্টেলান্টিস বলেছে, তারা এ ধরনের পদক্ষেপ সমর্থন করে না, যা ‘বিশ্বে বাণিজ্যিক বিভাজন তৈরিতে’ ভূমিকা রাখে।

এই প্রস্তাবিত শুল্কের হার ১৭ দশমিক চার শতাংশ থেকে ৩৮ দশমিক এক শতাংশের মধ্যে, যা নির্ভর করছে বিভিন্ন ব্র্যান্ড ও ইইউ’র তদন্তে তারা কতোটা সহায়ক ছিল, তার ভিত্তিতে।