২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা বাতিল চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টে টিকটক

“নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগের দিন আমেরিকায় মত প্রকাশের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি বন্ধ করে দেবে আইনটি।”

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 03:33 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছে টিকটকের চীনা মালিক কোম্পানি বাইটড্যান্স।

সোমবার জমা দেওয়া নথিতে টিকটক অভিযোগ করেছে, নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার ঠিক একদিন আগে, এমন উত্তেজনারকর রাজনৈতিক মুহূর্তে, ১৯ জানুয়ারি অ্যাপটি নিষিদ্ধ করার অর্থ হল মানুষের কথা বলার অন্যতম জপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া।

“নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগের দিন আমেরিকায় মত প্রকাশের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি বন্ধ করে দেবে আইনটি।” 

“এর ফলে, এমন অনেক আমেরিকানের স্বাধীন মত প্রকাশে বাধা আসবে, যারা রাজনীতি, বাণিজ্য, শিল্পকলাসহ জনজীবনে যেসব নানা গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ করতে অ্যাপটি ব্যবহার করেন ।” – লিখেছে টিকটক।

‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের আইনের কারণেই নিষিদ্ধ হতে পারে অ্যাপটি, যা দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে তৈরি হয়েছে।

আইনের ফলে বাইটড্যান্সকে আমেরিকান কোনো কোম্পানির কাছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম বিক্রি কতে হবে, নয়তো দেশজুড়ে নিষিদ্ধ হবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এরইমধ্যে আইনটি ঠেকাতে একবার ব্যর্থ হয়েছে টিকটক। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য সময় চেয়ে আইনটি থামাতে আপিল কোর্টের কাছে অনুরোধ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে, সে অনুরোধ খারিজ করে দিয়েছে আপিল কোর্ট।

এ প্রসঙ্গে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি টিকটক।

আইনটির অধীনে, আমেরিকানদের তথ্য নিয়ে উদ্বেগ বাড়াতে পারে এমন এমন অন্যান্য অ্যাপও নিষিদ্ধ করার ব্যাপক ক্ষমতা রয়েছে সরকারের কাছে।

মার্কিন বিচার বিভাগ যুক্তি দিয়েছে, “টিকটক অ্যাপের ওপর চীনা নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

অন্যদিকে টিকটক বলছে, চীনের সঙ্গে প্ল্যাটফর্মের সংযোগকে ভুলভাবে উপস্থাপন করেছে বিচার বিভাগ। কোম্পানিটির যুক্তি, অ্যাপের কনটেন্ট রেকমেন্ডেশন ইঞ্জিন ও ইউজার ডেটা মার্কিন ক্লাউড পরিসেবা ওরাকলের সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে, আমেরিকানদের প্রভাবিত করতে পারে এমন কনটেন্ট নিয়ন্ত্রণের সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্র থেকেই নেওয়া হয়।

সুপ্রিম কোর্ট আইনটি সাময়িকভাবে থামিয়ে দিলে, বিচারপতিদের মামলাটি বিবেচনা করার ও আইন কতটা সাংবিধানিক সে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি মিলবে। এ ছাড়া, নিম্ন আদালতকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাও বলতে পারেন তারা। তবে, বিচারপতিরা জরুরী আবেদন প্রত্যাখ্যান করলে, আইন কার্যকর হবে।

এমন হলে প্রথমে টিকটকের ভাগ্য থাকবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে। অ্যাপটির বিক্রি বাধ্যতামূলক করে তিনি চাইলে ১৯ জানুয়ারির সমসীমা ৯০ দিনের জন্য বাড়াতে পারেন। এরপরে টিকটকের ভাগ্য নির্ভর করবে পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর।

নিজের প্রথম মেয়াদে ২০২০ সালে ট্রাম্প একবার টিকটক নিষিদ্ধ করার ব্যর্থ চেষ্টা করলেও নভেম্বরের প্রসিডেন্ট নির্বাচনের আগে বলেছিলেন, এ নিষেধাজ্ঞার অনুমতি দেবেন না।

মার্কিন যুক্তরাষ্ট্র একাই যে টিকটক নিষিদ্ধ করছে, এমন নয়। ২০২০ সালে ভারত দেশজুড়ে টিকটকে নিষেধাজ্ঞা আরোপ করে।

পাশাপাশি, অন্যান্য দেশ এবং অঞ্চলও অ্যাপের বিরুদ্ধে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে; ইউরোপিয়ান কমিশন ও ইউরোপিয়ান কাউন্সিল গত বছর অফিসিয়াল ডিভাইস থেকে অ্যাপটি নিষিদ্ধ করেছে।

টিকটক মার্কিন সুপ্রিম কোর্টকে  জানুয়ারির মধ্য হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।