০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

একবার পড়লেই মুছে যাওয়ার টেক্সট ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

এ ফিচারের মাধ্যমে মেসেজটি যাকে পাঠানো হয়েছে তিনি একবারই তা খুলে পড়ার সুযোগ পারেন এবং পরপরই তা চিরতরে মুছে যাবে।

একবার পড়লেই মুছে যাওয়ার টেক্সট ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
এ ফিচারের আওতায় মেসেজ পুরোপুরি গোপন রাখতে এর কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিংও করা যাবে না। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 05:08 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

ছবি ও ভিডিওর পর এবার হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে একবার পড়লেই মুছে যাওয়ার মতো টেক্সট বা লিখিত মেসেজ পাঠানোর সুবিধা।

মেসেঞ্জার বা টেলিগ্রামের মতো জনপ্রিয় অ্যাপগুলোতে ফিচারটি আগে থেকে থাকলেও ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার নিজস্ব প্ল্যাটফর্মেও ‘ভিউ-ওয়ান্স টেক্সট’ ফিচারটির পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি।

প্রযুক্তি সাইট ডাব্লিউএবিটাইনফো বলেছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণে এ ফিচারটি পরীক্ষা করছে।

আইওএস বিটা সংস্করণে দেখা গেছে, কোনো মেসেজ লেখার পর ব্যবহারকারীরা ‘সেন্ড অ্যাজ ভিউ ওয়ান্স’ নামের নতুন অপশন বেছে নিতে পারবেন।

এরপর মেসেজটি যাকে পাঠানো হয়েছে তিনি তা ‘একবারই খুলে পড়ার সুযোগ পাবেন এবং পড়ার পরপরই তা চিরতরে মুছে যাবে। নিরাপত্তার জন্য প্রাপক এ মেসেজটি কপি, ফরোয়ার্ড বা শেয়ার করতে পারবেন না।

এ ফিচারের আওতায় মেসেজ পুরোপুরি গোপন রাখতে এর কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিংও করা যাবে না।

মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং অ্যাপগুলোতে এরইমধ্যে একবার দেখেই মুছে যাওয়ার মতো মেসেজ পাঠানোর সুবিধা রয়েছে।

এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটু ঘুরতি পথ বেছে নিতে হত, যেমন কোনো টেক্সট বা লেখার স্ক্রিনশট নিয়ে তা ‘ভিউ-ওয়ান্স’ ছবি হিসেবে পাঠানো।

নতুন এ টেক্সট ফিচারটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

তবে ফিচারটি অ্যাপলের ‘টেস্টফ্লাইট’ বা পরীক্ষামূলক ধাপে থাকায় ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই তা সবার ফোনে পৌঁছে যাবে।