ট্রাম্পের এআই অ্যাকশন প্ল্যানের মূল সুবিধাভোগী আসলে কারা?
লবিয়িংয়ের পেছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে মেটা। ১ কোটি ৩৮ লাখ ডলার ব্যয়ের পাশাপাশি ৮৬ জন লবিয়িস্ট নিয়োগ করেছে তারা। লবিয়িংয়ের খরচ দ্রুত বাড়িয়েছে এনভিডিয়া ও ওপেনএআই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্মেলনটি ছিল জাঁকজমকপূর্ণ এক আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন প্রযুক্তি দুনিয়ার প্রভাবশালী সব ব্যক্তিরা।
বুধবারের ওই সন্ধ্যায় ‘গড ব্লেস দ্য ইউএসএ’ গানটি বাজার সময় মঞ্চে ওঠে এসে ট্রাম্প ঘোষণা করেছেন, “আমেরিকাকে আবার এমন এক দেশ হয়ে উঠতে হবে, যেখানে সবুজ সংকেত দিয়ে উদ্ভাবকদের উৎসাহিত করা হবে। তারা যেন চলতে বা নিঃশ্বাস নিতে না পারেন এমন কোনো নানা নিয়ম-কানুনের বেড়াজালে তাদেরকে আর আটকে রাখা হবে না।”
ট্রাম্পের বার্তাটি একেবারেই স্পষ্ট। আগে যুক্তরাষ্ট্রের সরকার ও রাজনীতিকরা বিভিন্ন প্রযুক্তি কোম্পানির নিয়ন্ত্রণের জন্য তাদের ওপর কড়াকড়ি নিয়ম-কানুন আরোপের কথা ভাবতেন। এখন সেই মনোভাব শিথিল হয়ে গেলো বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।
ট্রাম্প বলেছেন, “আমি বহু বছর ধরেই দেখেছি কীভাবে এসব নিয়ম-কানুন কাজ করে। আমি নিজেও ওইসব নিয়ম-কানুনের শিকার হয়েছি।”
প্রযুক্তি এলিটদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প বলেছেন, “আপনারাই হলেন বুদ্ধিমানের দল… মানে মেধার শক্তি।”
এ সময় তার সামনে উপস্থিত ছিলেন মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ও প্যালান্টিরের প্রধান প্রযুক্তি কর্মকর্তা শ্যাম শংকরের মতো প্রযুক্তি দুনিয়ার বড় নেতা, বিনিয়োগকারী ও বিলিয়নেয়াররা।
এ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছিল প্রযুক্তি খাতের প্রভাবশালী লবিয়িং গ্রুপ ‘হিল অ্যান্ড ভ্যালি ফোরাম’ ও ‘সিলিকন ভ্যালি অল-ইন পডকাস্ট’, যেটি উপস্থাপনা করেন হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস।
‘উইনিং দ্য এআই রেস’ নামের এ ফোরামটি প্রেসিডেন্টর জন্য ছিল ‘এআই অ্যাকশন প্ল্যান’ দেওয়ার এক সুবর্ণ সুযোগ। এ পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে, এআই তৈরি ও ব্যবহারের ক্ষেত্রে যেসব নিয়ম-কানুন বা বিধিনিষেধ রয়েছে তা সহজ করে দেওয়া।
ট্রাম্পের এ পরিকল্পনার মূল ভিত্তি হচ্ছে তিনটি নির্বাহী আদেশ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘এআই রপ্তানির শক্তিকেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে চাইছেন তিনি।
এসব আদেশ মূলত বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর দেওয়া বাইডেন প্রশাসনের কিছু নিয়মকানুনকে সরিয়ে দেবে। এআই প্রযুক্তি যাতে নিরাপদ ও সুরক্ষিত উপায়ে তৈরি হয় সেজন্য নিয়ন্ত্রণের বেড়া হিসেবে ওইসব নিয়ম করেছিলেন বাইডেন সরকার।
ট্রাম্প বলেছেন, “এআই দৌড়ে জেতার জন্য সিলিকন ভ্যালির মধ্যে ও সিলিকন ভ্যালির বাইরেও নতুন এক জাতীয় চেতনা ও দেশপ্রেমের প্রয়োজন।”
প্রথম নির্বাহী আদেশটিকে ‘ওক এআই’ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, যে কোনও কোম্পানি যদি সরকারি অর্থায়ন পায় তবে তাদেরকে বিভিন্ন এআই মডেল থেকে ‘আইডিওলজিক্যাল ডগমা’ অর্থাৎ বিশেষ কোনো রাজনৈতিক বা সামাজিক মতাদর্শ থেকে দূরে থাকতে হবে।
বাকী দুটি নির্বাহী আদেশের মূল বিষয় হচ্ছে, প্রযুক্তি কোম্পানির ওপর সরকারের নিয়ন্ত্রণ শিথিল করা, যা আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলোর অন্যতম প্রধান দাবি ছিল। প্রযুক্তি কোম্পানিরা বরাবরই চেয়ে এসেছে, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।
এ দুটি নির্বাহী আদেশের মধ্যে একটিতে বলা হয়েছে, ‘আমেরিকান এআই’ অর্থাৎ যুক্তরাষ্ট্রে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে অন্যান্য দেশে রপ্তানির উদ্যোগ বাড়ানো হবে।
আরেকটি আদেশে পরিবেশ সংক্রান্ত কিছু কঠোর নিয়ম শিথিল হচ্ছে, যেখানে বড় বড় বিভিন্ন ডেটা সেন্টার দ্রুত তৈরির জন্য পরিবেশ সংক্রান্ত কিছু বাধা কমবে ও সরকারি অনুমতি দ্রুত মিলবে।
লবিয়িংয়ে লাখ লাখ ডলার ব্যয় টেক জায়ান্টদের
এ মাহেন্দ্রক্ষণে পৌঁছাতে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছে মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। অ্যালফাবেট, মেটা, অ্যামাজন থেকে শুরু করে অ্যাপলের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানির সিইওরা ট্রাম্পের শপথ গ্রহণে লাখ লাখ ডলার তহবিল দেওয়ার পাশাপাশি ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতও করেছেন তারা।
গার্ডিয়ান লিখেছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ট্রাম্পের। আগামী চার বছরে মার্কিন এআই অবকাঠামোতে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন জেনসেন।
“বাস্তবতা হচ্ছে, বড় বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখনও আইনপ্রণেতাদের মন জয় করতে ও নিজেদের জন্য প্রযুক্তি সম্পর্কিত সুবিধাজনক আইন বানাতে কোটি কোটি ডলার খরচ করছে,” বলেছেন অলাভজনক প্রতিষ্ঠান ‘ইস্যু ওয়ান’-এর অ্যাডভোকেসির ভাইস-প্রেসিডেন্ট অ্যালিক্স ফ্রেজার।
মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে ২০২৫ সালে লবিয়িংয়ের খরচ বিশ্লেষণ করেছে ইস্যু ওয়ান। তাদের প্রতিবেদনে উঠে এসেছে, এ বিষয়ে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করেছে প্রযুক্তি খাত।
ইস্যু ওয়ান-এর তথ্য অনুসারে, আটটি বড় প্রযুক্তি কোম্পানি মিলে মোট তিন কোটি ৬০ লাখ ডলার খরচ করেছে, যেখানে কংগ্রেস অধিবেশনের সময় প্রতিদিন গড়ে কেবল ৩ লাখ ২০ হাজার ডলার খরচ হয়।
রিপোর্ট বলছে, লবিয়িংয়ের পেছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। মোট এক কোটি ৩৮ লাখ ডলার ব্যয়ের পাশাপাশি এ বছর ৮৬ জন লবিয়িস্ট নিয়োগ করেছে কোম্পানিটি। এদিকে, লবিয়িংয়ের খরচ দ্রুত বাড়িয়েছে এনভিডিয়া ও ওপেনএআই। এনভিডিয়ার খরচ গত বছরের একই সময়ের তুলনায় তিনশ ৮৮ শতাংশ বেশি হয়েছে এবং ওপেনএআইয়ের খরচও বেড়েছে ৪৪ শতাংশ।
ট্রাম্পের এআই পরিকল্পনা ঘোষণার আগে প্রেসিডেন্টের এমন আদেশের বিরোধিতা করে ‘পিপলস এআই অ্যাকশন প্ল্যান’ নামের এক বিকল্প পরিকল্পনায় স্বাক্ষর করেছে একশটিরও বেশি শ্রম, পরিবেশ, নাগরিক অধিকার ও অ্যাকাডেমিক গোষ্ঠী।
এক বিবৃতিতে এসব গোষ্ঠী বলেছে, “টেক কোম্পানির একচেটিয়া শক্তি থেকে সাধারণ মানুষকে রক্ষা করা জরুরি। কারণ নিজেদের লাভের জন্য সাধারণ মানুষের স্বার্থকে বিসর্জন দিচ্ছে এসব কোম্পানি।
অন্যদিকে, ট্রাম্পের এ নির্বাহী আদেশের প্রশংসা করেছে মাইক্রোসফট, আইবিএম, ডেল, মেটা, প্যালান্টির, এনভিডিয়া, অ্যানথ্রপিক, এক্সএআই ও অন্যান্য প্রযুক্তি কোম্পানি ও শিল্প খাত।
ট্রাম্পের এই এআই পরিকল্পনাকে এক ‘সাহসী দৃষ্টিভঙ্গি’ হিসেবে বর্ণনা করেছেন ব্যবসাপ্রধান লবিয়িং গ্রুপ ‘কনজিউমার চয়েস সেন্টার’-এর উদীয়মান প্রযুক্তি নীতির প্রধান জেমস চের্নিয়াউস্কি।
তিনি বলেছেন, “ট্রাম্পের এআই পরিকল্পনা বাইডেন সরকারের কঠোর নিয়ন্ত্রণের চেয়ে অনেক আলাদা ও ব্যবসার জন্য অনেক বেশি সহায়ক।”
