ইইউ’র এআই কোডে স্বাক্ষর করতে পারে মাইক্রোসফট, অগ্রাহ্য মেটার
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ শুক্রবার রয়টার্সকে বলেন, “আমার মনে হয় আমরা এতে স্বাক্ষর করব। আমাদের অবশ্যই নথিগুলো পড়তে হবে।”
ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক গুরুত্বপূর্ণ নিয়ম-নীতি মানার জন্য তৈরি করা ‘কোড অফ প্র্যাক্টিস’ স্বাক্ষর করতে যাচ্ছে মাইক্রোসফট।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। অন্যদিকে মেটা এ নীতি মানতে অস্বীকৃতি জানিয়েছে।
১৩ জন বিশেষজ্ঞের তৈরি এই কোড অফ প্র্যাকটিস সই করা কোম্পানিগুলোর জন্য আইনি নিশ্চয়তা প্রদান করাই মূল লক্ষ্য। কোডে সই করা কোম্পানিগুলোকে তাদের ‘জেনারেল-পারপাস এআই’ মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কনটেন্টের সারাংশ প্রকাশ করতে হবে, এবং ইউরোপীয় ইউনিয়নের কপিরাইট আইন মেনে চলার জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে।
এই কোডটি ‘এআই অ্যাক্ট’-এর একটি অংশ যা জুন ২০২৪ এ কার্যকর হয়েছে। আইনটি গুগলের মালিক অ্যালফাবেট, ফেইসবুকের মালিক মেটা, ওপেনএআই, অ্যান্থ্রপিক, মিস্ট্রাল ও এমন হাজার হাজার কোম্পানির উপর প্রযোজ্য হবে।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ শুক্রবার রয়টার্সকে বলেন, “আমার মনে হয় আমরা এতে স্বাক্ষর করব। আমাদের অবশ্যই নথিগুলো পড়তে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য সহায়ক ভূমিকা পালন করা, একই সঙ্গে আমরা যেটিকে আন্তরিকভাবে স্বাগত জানাই, তা হলো এআই বিষয়ক ইইউ অফিসের সঙ্গে সরাসরি শিল্পখাতের সম্পৃক্ততা।”
এদিকে, মেটা আবারও এই কোড অফ প্র্যাকটিস নিয়ে সমালোচনা জানিয়েছে।
“মেটা এতে স্বাক্ষর করছি না। এই কোডটি মডেল ডেভেলপারদের জন্য একাধিক আইনি অনিশ্চয়তা তৈরি করে, পাশাপাশি এমন কিছু পদক্ষেপ অন্তর্ভুক্ত করেছে যা এআই অ্যাক্ট-এর সীমানা অনেকটাই অতিক্রম করে গেছে”, লিংকডইনে প্রকাশিত এক ব্লগ পোস্টে বলেন মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপন।
এই মার্কিন সোশাল মিডিয়া জায়ান্টটির উদ্বেগ ৪৫টি ইউরোপীয় কোম্পানির একটি দলের সঙ্গেও মিল রয়েছে এমন তথ্য দেন কাপন।
তিনি বলেন, “আমরা সেই ব্যবসাগুলোর শঙ্কার সঙ্গে একমত, যারা মনে করে এই অতিরিক্ত নিয়ন্ত্রণ ইউরোপে ফ্রন্টিয়ার এআই মডেলের উন্নয়ন ও ব্যবহার ব্যাহত করবে এবং ইউরোপীয় কোম্পানিগুলো যারা এসবের ওপর ভিত্তি করে ব্যবসা গড়ে তুলতে চায়, তাদের অগ্রগতিও থামিয়ে দেবে।”
ওপেনএআই এবং মিস্ট্রাল এরইমধ্যে এই কোডে স্বাক্ষর করেছে।
