২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেনএআই কেনার দৌড়ে মাস্ক পাশে চেয়েছিলেন জাকারবার্গকে

২০২৩ সালে ‘এক্সএআই’ নামে নতুন এক কোম্পানি শুরু করেন মাস্ক, যার উদ্দেশ্য ছিল সরাসরি ওপেনএআইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা।

ওপেনএআই কেনার দৌড়ে মাস্ক পাশে চেয়েছিলেন জাকারবার্গকে
এক সময় ভালো বন্ধু ছিলেন অল্টম্যান ও মাস্ক। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

২০২৫ সালের গোড়ার দিকে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই কিনে নেওয়ার জন্য ৯ হাজার সাতশ ৪০ কোটি ডলারের একটি প্রস্তাবে অর্থায়নে সহায়তা করতে মেটা প্রধান মার্ক জাকারবার্গকে অনুরোধ করেছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

বৃহস্পতিবার প্রকাশিত আদালতের এক নথিতে এমন তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

নথিটি ইলন মাস্ক ও ওপেনএআইয়ের মধ্যকার এক মামলার অংশ, যা শুরু হয়েছিল গত বছর। মামলাটি উত্তর ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল আদালতে চলমান রয়েছে। 

সম্প্রতি একজন বিচারক রায় দিয়েছেন, এ মামলায় মাস্কের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চালিয়ে যেতে পারবে ওপেনএআই। 

২০১৫ সালে স্যাম অল্টম্যান ও অন্যান্যদের সঙ্গে মিলে ওপেনএআইকে একটি অলাভজনক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন মাস্ক। 

সিএনবিসি লিখেছে, ফেব্রুয়ারিতে ওপেনএআই কিনে নেওয়ার প্রস্তাব দেওয়ার সময় ক্ষুব্ধ ছিলেন মাস্ক। কারণ মাস্কের দাবি, ওপেনএআইকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করছিলেন চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানিটির প্রধান স্যাম অল্টম্যান। 

তবে এক সময় ভালো বন্ধু ছিলেন অল্টম্যান ও মাস্ক। ওপেনএআই যখন থেকে জেনারেটিভ এআইয়ের মাঠে এক নম্বর কোম্পানি হয়ে উঠল ও এতে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট শত শত কোটি ডলার ঢালতে শুরু করল তখন থেকেই দুই বন্ধু একে অপরের তীব্র প্রতিপক্ষ হয়ে উঠলেন। তাদের মধ্যকার বিরোধ এখন চরমে পৌঁছেছে।

২০২৩ সালে ‘এক্সএআই’ নামে নতুন এক কোম্পানি শুরু করেন মাস্ক, যার উদ্দেশ্য ছিল সরাসরি ওপেনএআইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। এরপর ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। 

মার্কিন এ ধনকুবের অভিযোগ তোলেন, তার সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে ওপেনআই। সেই সঙ্গে ওপেনএআইয়ের অলাভজনক কোম্পানি থেকে লাভজনক কোম্পানিতে রূপান্তর থামিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন তিনি।

পাল্টা অভিযোগে ওপেনএআই বলেছে, তাদের ব্যবসার ক্ষতি করেছে মাস্ক ও এক্সএআইয়ের ওপেনএআই কেনার ওই ‘প্রস্তাবটি ভুয়া’ এবং মাস্ক জেনেশুনে মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যমে বারবার তাদেরকে ‘হয়রানি’ করছেন।

এদিকে, এ অভিযোগের অংশ হিসেবে ওপেনএআই আদালতে আবেদন করেছে, মাস্ক ও জাকারবার্গের মধ্যে ওপেনএআই কেনা নিয়ে যেসব আলোচনা হয়েছে সেগুলোর প্রমাণ হিসেবে ইমেইল ও বার্তা প্রকাশ করতে যেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটাকে বাধ্য করা হয়।

বৃহস্পতিবার আদালতে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, মাস্ক ও এক্সএআই যখন ওপেনএআইকে কিনে নেওয়ার জন্য বিনিয়োগকারীদের একটি দল গঠনের চেষ্টা করছিলেন তখন জাকারবার্গের সঙ্গে যোগাযোগ করেছেন তারা, যেখানে জাকারবার্গকে পাঠানো এক চিঠিতে তারা ‘সম্ভাব্য অর্থায়ন বা বিনিয়োগ করতে’ বলেছে।

নথিতে বলা হয়েছে, সেই চিঠি জাকারবার্গ বা মেটা কেউই স্বাক্ষর করেননি।

এ বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধে কথা বলতে রাজি হননি মেটার একজন মুখপাত্র। এদিকে, কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেননি মাস্কের এ মামলার আইনজীবী মার্ক টোবারফ।